ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন শীর্ষ বাছাই আলেকজান্ডার জ্বেরেব। সেমিফাইনালে সরাসরি সেটে তিনি হারালেন অবাছাই কারেন খাচানভকে। ফাইনালে জ্বেরেবকে লড়াই করতে হবে অষ্টম বাছাই বেন শেলটনের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে আমেরিকার টেনিস খেলোয়াড় পিছিয়ে পড়েও হারিয়েছেন স্বদেশীয় ফ্রান্সেস টিয়াফোকে।
সরাসরি জিতলেও জ্বেরেবকে যথেষ্ট লড়াই করতে হয়েছে সেমিফাইনালে। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জিতলেও পরের দু’টি সেটে জার্মান তারকাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন খাচানভ। দু’টি সেটের ফলাফলই হয়েছে টাইব্রেকারে। ২ ঘণ্টা ৫৭ মিনিটের লড়াইয়ে বিশ্বের ৫০ নম্বরের বিরুদ্ধে প্রতিটি পয়েন্ট লড়াই করে জিততে হয়েছে জ্বেরেবকে। খাচানভ সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। কিন্তু কয়েকটি আনফোর্সড এরর করে সুবিধা হাত ছাড়া করেন। শেষ পর্যন্ত জ্বেরেবের পক্ষে ম্যাচের ফল দাঁড়ায় ৬-৩, ৭-৬ (৯-৭), ৭-৬ (৮-৬)। এই নিয়ে টানা তিনটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন জ্বেরেব।
দ্বিতীয় সেমিফাইনালে শেলটন জয় পেয়েছেন ৪-৬, ৬-৩, ৬-৩, ৭-৫ ব্যবধানে। একাদশ বাছাই টিয়াফো শুরুটা ভাল করলেও ছন্দ ধরে রাখতে পারেননি। কাজে লাগাতে পারেননি ব্রেক পয়েন্ট। শেলটনের শক্তিশালী সার্ভিসও বেশ সমস্যায় ফেলেছে তাঁকে। সেমিফাইনালে যে মানের টেনিস শেলটন খেলেছেন, ফাইনালে তা ধরে রাখতে পারলে জ্বেরেবকে সমস্যায় ফেলে দিতে পারেন। ২০২৩ সালে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেছিলেন শেলটন। তার পর আর তৃতীয় রাউন্ডের বাধা অতিক্রম করতে পারেননি। প্রথম বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন ২৩ বছরের টেনিস খেলোয়াড়।