প্রত্যাশা মতোই উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন বাছাই তারকারা। ব্যতিক্রম পঞ্চম বাছাই অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর। তিনি সরাসরি সেটে হেরে গেলেন নবম বাছাই ইটালির ফ্লাবিয়ো কোবোলির কাছে। মহিলাদের সিঙ্গলসে জিতলেন কোকো গফ, জেসমিন পাওলিনি, লিন্ডা নসকোভার মতো বাছাই খেলোয়াড়েরা।
প্রিকোয়ার্টার ফাইনালে প্রত্যাশা মতো লড়াই করতে পারলেন না মিনাউর। কোবোলির বিরুদ্ধে তাঁকে ভোগাল মূলত সার্ভিস। প্রথম সার্ভিস ঠিকঠাক হচ্ছিল না। বেশি আগ্রাসী হতে গিয়ে ডুবলেন। ইটালীয় খুব ভাল খেলেছেন এমন নয়। তবে প্রতিপক্ষের আনফোর্সড এররের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচ বের করে নিয়েছেন। ম্যাচের পর কোবোলির পক্ষে ৭-৫, ৭-৬ (৭-৪), ৬-৩। জয় পেলেন পুরুষ সিঙ্গলসের ষষ্ঠ বাছাই টেলর ফ্রিৎজ়। আমেরিকার খেলোয়াড় ৭-৬ (৭-১), ৬-৪, ৬-৪ ব্যবধানে হারালেন দশম বাছাই কাজ়াখস্তানের আলেকজান্ডার বুবলিককে।
মহিলাদের সিঙ্গলসের শেষ আটে পৌঁছোলেন গফ। সাত নম্বর বাছাইকে অবশ্য একটা সেট খোয়াতে হল। ন’টি ডবল ফল্টও করলেন। সুইৎজ়ারল্যান্ডের ১১তম বাছাই বেলিন্ডা বেনসিসের বিরুদ্ধে গফ জিতলেন ৪-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে উঠলেন নবম বাছাই নসকোভাও। তিনি হারালেন আমেরিকার ২৬ নম্বর বাছাই ম্যাডিসন কিসকে। নসকোভার পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৭-৬ (৭-২)।
আরও পড়ুন:
লড়াই করে জিতলেন ১৩তম বাছাই পাওলিনি। তিনি ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে হারালেন ফিলিপিন্সের আলেক্সান্দ্রা আলাকে। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে জায়গা করে নিলেন ১২তম বাছাই ইউক্রেনের মার্তা কস্তুক। তিনি ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতলেন আমেরিকার অবাছাই খেলোয়াড় অ্যাশলিন ক্রুগারের বিরুদ্ধে।