এই মুহূর্তে এশিয়ান গেমসে খেলতে ব্যস্ত তিনি। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে সোনা জয়ের ম্যাচে নামবেন। তার আগে হঠাৎই আইপিএল নিয়ে আলোচনায় অভিষেক শর্মা। শোনা গিয়েছে, সানরাইজার্স হায়দরাবাদ ছাড়তে পারেন তিনি। যোগ দিতে পারেন অন্য কোনও দলে। নেতৃত্বের দায়িত্ব চাইছেন ভারতের তরুণ ওপেনার। সেই সুযোগ দেওয়া হবে এমন দলেই যেতে চান তিনি। ফলে কলকাতা নাইট রাইডার্সেও আসতে পারেন।
পরের বছর ঠাসা সূচির কারণে আইপিএলে না-ও খেলতে পারেন প্যাট কামিন্স। ফলে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে ঈশান কিশনকে। তাতে নাকি খুশি নন অভিষেক। তিনি নেতৃত্ব দিতে চেয়েছিলেন। দল তা চাইছে না।
‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, অভিষেকের সঙ্গে ইতিমধ্যেই বেশ কিছু দলের আলোচনা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটান্স এবং পঞ্জাব কিংস দৌড়ে এগিয়ে আছে। তবে কিছুই চূড়ান্ত হয়নি।
এক সূত্র বলেছেন, “ঈশান কিশনকে অধিনায়ক করায় হায়দরাবাদের উপর যে অভিষেক খুশি নয় এটা সকলেই জানে। দীর্ঘ দিন ধরেই দলের সঙ্গে রয়েছে। নেতৃত্বের প্রত্যাশা থাকা স্বাভাবিক। মুম্বই, গুজরাত এবং পঞ্জাবে ওর ট্রান্সফার নিয়ে আলোচনা চলছে। দিল্লিকেও উড়িয়ে দেওয়া যাবে না। কারণ ওখানে অভিষেকের মেন্টর যুবরাজ সিংহ যোগ দিয়েছে।”
আরও পড়ুন:
হায়দরাবাদ অবশ্য এ নিয়ে মন্তব্য করতে চায়নি। ২০১৯-এ হায়দরাবাদে যোগ দিয়েছিলেন অভিষেক। এই দলে খেলেই তাঁর উত্থান এবং ভারতীয় দলে সুযোগ পাওয়া। ওই সূত্রের দাবি, “খুব বেশি দলে অধিনায়কত্বের সুযোগ নেই। কলকাতা এবং লখনউও বিকল্প হিসাবে রয়েছে। বাকি দলগুলোয় নেতা মোটামুটি ঠিক হয়েই আছে। অভিষেক যদি দল ছাড়ার সিদ্ধান্ত নেয় তা হলে যাবে কোথায়? হায়দরাবাদও কি রাজি হবে?”