পছন্দের ভারতীয় টেস্ট একাদশ বেছে নিয়েছেন অজিঙ্ক রাহানে। তাঁর পছন্দের দলে জায়গা হল না বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহের! রাহানে দলে রাখেননি নিজের আর এক সতীর্থ রোহিত শর্মাকেও। ওপেনার হিসেবে জায়গা পাননি সুনীল গাওস্করও। স্বাভাবিক ভাবেই রাহানের নির্বাচিত দল নিয়ে তৈরি হয়েছে বিস্ময়।
একটি স্পোর্টস চ্যানেলের অনুরোধে নিজের পছন্দের ভারতীয় টেস্ট একাদশ বেছে নিয়েছেন রাহানে। গত জুলাইয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া ব্যাটারের নির্বাচিত দল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কোহলি, বুমরাহের মতো ক্রিকেটারেরা জায়গা না পাওয়ায় বিস্মিত ক্রিকেটপ্রেমীরাও। তবে রাহানে প্রতিটি নির্বাচনের যুক্তি দিয়েছেন।
রাহানে পছন্দের দলে গাওস্করকে রাখতে পারেননি শর্ত হিসেবে। কারণ তিনি যাঁদের সঙ্গে জাতীয় দলের হয়ে বা ঘরোয়া ক্রিকেট খেলেছেন, তাঁদের মধ্যে থেকেই ১১ জনকে বেছে নিতে বলা হয়েছিল। স্বাভাবিক ভাবেই গাওস্কর বা কপিল দেবদের নাম তিনি বিবেচনা করেননি। তাঁর সমকালীন ক্রিকেটারদের মধ্যে থেকে দল বেছে নিয়েছেন। সেখানেও রাখেননি কোহলি, বুমরাহ এবং রোহিতকে।
পছন্দের টেস্ট দলের ওপেনার হিসেবে রাহানে বেছে নিয়েছেন মুরলি বিজয় এবং শিখর ধাওয়ানকে। ইনিংসের শুরু থেকেই ব্যাটিং বৈচিত্র্যের দিকে লক্ষ্য রেখেছেন রাহানে। ডান হাতি বিজয়ের সঙ্গে রেখেছেন বাঁহাতি ধাওয়ানকে। আবার বিজয় ধরে খেলেন আর ধাওয়ান আগ্রাসী ব্যাটার। অর্থাৎ রক্ষণ এবং আক্রমণের ভারসাম্য রাখার চেষ্টা করেছেন। বীরেন্দ্র সহবাগকে রাখেননি। বিবেচনা করেননি রোহিতকেও। ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গায় রাহুল দ্রাবিড়কে রেখেছেন রাহানে। চেতেশ্বর পুজারার থেকে দ্রাবিড়কেই এগিয়ে রেখেছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক চার নম্বর জায়গায় সচিন তেন্ডুলকরকে রেখেছেন। সে কারণে কোহলিকে জায়গা দিতে পারেননি। ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে নিজেকে রেখেছেন। নিজের পছন্দের দল থেকে নিজেকে বাদ দিতে চাননি। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। উইকেটরক্ষক-ব্যাটারকেই অধিনায়ক করেছেন তিনি। উল্লেখ্য, ধোনির নেতৃত্বেই টেস্ট অভিষেক হয়েছিল রাহানের।
পছন্দের একাদশের শেষ পাঁচটি জায়গা রাহানে রেখেছেন অলরাউন্ডার এবং বোলারদের জন্য। এই পাঁচ জনের চার জনই তাঁর অভিষেক টেস্টের সতীর্থ। স্পিনার হিসেবে দলে রেখেছেন রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে। তাঁরা ব্যাট করবেন যথাক্রমে সাত এবং আট নম্বরে। তারাই সামলাবেন স্পিন বোলিং আক্রমণ। রাহানে তিন জন জোরে বোলার রেখেছেন দলে। কিন্তু জায়গা দেননি বুমরাহকে। মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মাকে বেছে নিয়েছেন। কারণ হিসেবে ২০১০ সাল থেকে তিন জনের কয়েক বছরের সাফল্যের কথা বলেছেন। যে সময় থেকে ভারতের জোরে বোলিং আক্রমণকেও সমীহ করতে শুরু করে অন্য দলগুলি। তাই বুমরাহকে রাখেননি।
আরও পড়ুন:
রাহানের পছন্দের ভারতীয় টেস্ট একাদশ: মুরলি বিজয়, শিখর ধাওয়ান, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিংহ ধোনি (উইকেটরক্ষক, অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মা।