বুধবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে ভারতের জার্সিতে প্রথম বার খেলে স্বপ্নপূরণ হয় আকিব নবির। তবে দিনটা তাঁর কাছে মোটেই ভাল যায়নি। ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারদের কাছে বেধড়ক মার খেলেন তিনি। মোটেই ঠিক করে বল করতে পারেননি। ফলে অভিষেক ম্যাচেই তাঁর নামের পাশে বসে গিয়েছে লজ্জার নজির।
নবি প্রথম ম্যাচেই ৮.৫ ওভারে হজম করেছেন ৮৪ রান। অর্থাৎ ৫৩ বলে ৮৪ রান খেয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে ৯টি চার এবং ১টি ছয় হয়েছে। এক দিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে এত বেশি রান ভারতের আর কোনও বোলার কখনও দেননি। আগের রেকর্ড ছিল কারসন ঘাউড়ির। ১৯৭৫-এ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১ ওভারে ৮৩ রান দিয়েছিলেন তিনি।
নবি প্রতি ওভারে দিয়েছেন ৯.৫১ রান। অন্তত ৩০টি বল করেছেন, এমন বোলারের ক্ষেত্রে এটিও সবচেয়ে খারাপ নজির। তবে নবি একাই নন, ভারতের প্রায় প্রত্যেক বোলারই মার খেয়েছেন ক্যারিবিয়ান ব্যাটারের হাতে। জন ক্যাম্পবেল, শাই হোপ এবং আমির জঙ্গু শতরান করেন। ওয়েস্ট ইন্ডিজ় এক দিনের ক্রিকেটে প্রথম ৪০০-র উপর রান তোলে। তা ৩৯ বলে বাকি থাকতেই তাড়া করে ফেলে ভারত। দ্বিশতরান করেন শুভমন গিল। শতরান রোহিত শর্মার।
আরও পড়ুন:
তবে গুয়াহাটির পিচ দেখে মোটেই খুশি হতে পারেননি ভারতের কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, “ভাবুন, কোনও তরুণ বোলার এই পিচে বল করছে। সে দেখল, প্রতিপক্ষ ৪০০ রান করল। পরে আমরা সেই রান তাড়া করে জিতেও গেলাম। রেকর্ডের পক্ষে এটা ভাল। দর্শকেরাও এই ম্যাচ দেখে মজা পেয়েছে। সম্প্রচারকারীদের জন্যও এটা ভাল খবর। কিন্তু যদি ক্রিকেটের সত্যিকারের ভক্ত কেউ হয়, তা হলে তার ভাল লাগবে না। বোলারদের জন্য দুঃখ হচ্ছে।”