চেন্নাইয়ের হয়ে দীর্ঘ দিন আইপিএল খেলেছেন তিনি। আন্তর্জাতিক মহলে পরিচিত ‘মিস্টার ক্রিকেট’ নামে। সেই মাইকেল হাসিকে নিয়ে আচমকাই টানাটানি শুরু হয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে। দুই দেশই তাঁকে ব্যাটিং কোচ করতে চায়। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিঁড়বে, তা এখনই বোঝা যাচ্ছে না।
দিন দুয়েক আগে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর হয়, হাসিকে ব্যাটিং কোচ করার জন্য উঠেপড়ে লেগেছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি নিজেই নাকি হাসিকে প্রস্তাব দিয়েছেন। দাবি করেছিলেন, তাঁর অনুরোধ হাসি ফেলতে পারবেন না এবং নিজের দেশ অস্ট্রেলিয়ার চরম শত্রু ইংল্যান্ডে যোগ দেবেন। অতীতে চেন্নাইয়েরও ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছেন হাসি।
হাসি নিজেও সে কথা স্বীকার করেছিলেন। বলেছিলেন, “আমাদের মধ্যে বোঝাপড়া বেশ ভাল। একসঙ্গে অনেক কাজও করেছি। সাধারণ কথাবার্তা হয়েছে আমাদের মধ্যে। ফ্লেমিং জিজ্ঞাসা করেছিল আমি ইংল্যান্ডের ব্যাটিং কোচ হতে চাই কি না।”
এই খবর জানার পরেই নড়েচড়ে বসে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। তারা হাসিকে ব্যাটিং কোচ করতে মরিয়া। গোটা কাজটাই দ্রুততার সঙ্গে করতে চাইছে তারা, যাতে ইংল্যান্ডের মুখের গ্রাস ছিনিয়ে নেওয়া যায়।
আরও পড়ুন:
-
ব্যাটে-বলে শাহবাজ়ের কামাল, দলীপে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে বড় জয়ের সামনে পূর্বাঞ্চল, ১৭১ রানে এগিয়ে উত্তরাঞ্চল
-
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, মরণবাঁচন ম্যাচে আর্জেন্টিনার কাছে পাঁচ গোল হজম হরমনপ্রীতদের
-
ডার্বি মানেই এডমুন্ড! তিন বড় ম্যাচে চার গোল, ইস্টবেঙ্গলকে ডুরান্ড জেতানো তারকা ট্রেনিং করেছেন বিদেশের ক্লাবেও
উল্লেখ্য, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দেশই ব্যাটিং সমস্যায় ভুগছে। পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটিং দৈন্য বোঝা গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে একই অবস্থা হয়েছে অস্ট্রেলিয়ারও।
তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতে, হাসির মোটেই ইংল্যান্ডে যোগ দেওয়া উচিত নয়। তিনি বলেছেন, “হাসিকে একটাই কথা বলতে চাই, একই ভুল কোরো না। আবার ফ্লেমিংয়ের সঙ্গে কাজ করার কী দরকার। ফ্লেমিং যেখানেই যাবে সেখানেই হাসিকে নিয়ে যাবে এটা হতে পারে নাকি।”