আরও একটি হকি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার স্বপ্ন অধরা থেকে গেল ভারতের। সোমবার নেদারল্যান্ডসের ওয়াগনার স্টেডিয়ামে আর্জেন্টিনার কাছে হারল ৩-৫ গোলে। ফলে দ্বিতীয় রাউন্ডের গ্রুপে চতুর্থ দল হিসাবেই শেষ করতে হবে ভারতকে। ফলে এ বার পঞ্চম-ষষ্ঠ স্থানে শেষ করার লড়াই করতে হবে ভারতকে।
ম্যাচের আগে ভারতের সামনে অঙ্কটা ছিল খুব সোজা। আর্জেন্টিনাকে অন্তত দু’গোলের ব্যবধানে হারাতে হত সম্ভাবনা টিকিয়ে রাখতে গেলে। এর পর ইংল্যান্ডকে অন্তত তিন গোলের ব্যবধানে হারতে হত নেদারল্যান্ডসের কাছে। তা হলেই গোলপার্থক্যে সেমিফাইনালে উঠতে পারত ভারত। কিন্তু হরমনপ্রীত সিংহেরা নিজেরাই হেরে যায় পরের ম্যাচের আর কোনও গুরুত্ব থাকছে না ভারতের কাছে।
ম্যাচের শুরুতেই ভারতকে স্তম্ভিত করে দেয় আর্জেন্টিনা। ৩৯ সেকেন্ডে গোল করে তারা। বাঁ পোস্ট দিয়ে ভারতের রক্ষণ ভেদ করে গোল করেন জোয়াকিন তোস্কানি। শুরুতেই গোল পেয়ে আর্জেন্টিনার খেলায় আরও ঝাঁঝ বাড়ে। সাত মিনিটে দ্বিতীয় গোল করে তারা। পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত ড্র্যাগ-ফ্লিকে গোল করেন নিকোলাস দে লা তোরে।
তিন মিনিট পরে একটি গোল শোধ করে ভারত। ডি বক্সে সতীর্থের থেকে পাস পেয়েছিলেন সুখজিৎ সিংহ। তিনি দু’জনকে কাটিয়ে গোল করেন। প্রথম কোয়ার্টারের বাকি সময় ভারত চাপ রেখেও গোল করতে পারেনি।
আরও পড়ুন:
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে ভারত দু’টি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। হরমনপ্রীত একটি সহজ সুযোগ নষ্ট করেন। শুধু গোল করায় ব্যর্থতাই নয়, ভারতের পাসিংও ছিল খুব খারাপ। আক্রমণের সময় খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া লক্ষ করা যায়নি। ফলে আর্জেন্টিনার রক্ষণ অনায়াসেই সেই প্রয়াস আটকে দিয়েছে।
দ্বিতীয় কোয়ার্টারে কোনও গোল না হলেও তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবার গোল খায় ভারত। এ বার ডি বক্সের ভেতর থেকে জোরালো শটে গোল করেন টমাস দোমেন। ওই জায়গা থেকে ভারতের ফেরা প্রায় অসম্ভব ছিল। তা আরও বাড়ে তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে আবার গোল খাওয়ায়। আর্জেন্টিনার এক খেলোয়াড়ের শট পা দিয়ে বাঁচিয়েছিলেন মোহিত এমএস। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন দোমেন।
শেষ কোয়ার্টারের শুরুতে একটি ভাল সুযোগ হারায় আর্জেন্টিনা। তা পুষিয়ে দেয় কিছু ক্ষণের মধ্যেই। এ বার বাঁ দিকে বল পেয়ে রিভার্স স্টিকে গোল করেন তোস্কানি। খেলা শেষের কিছু সময় আগে ভারতের হয়ে ব্যবধান কমান সুখজিৎ। এক দম শেষ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল হার্দিক সিংহের।