বিরাট কোহলি, রোহিত শর্মা বা মহেন্দ্র সিংহ ধোনি নন। ভারতীয় ব্যাটারদের মধ্যে কঠিনতম প্রতিপক্ষ হিসাবে প্যাট কামিন্স বেছে নিয়েছেন অন্য একজনকে। একটি সাক্ষাৎকারে কামিন্সকে বিভিন্ন দেশের কঠিনতম ব্যাটারদের নাম বলতে বলা হয়।
প্রতিটি টেস্ট খেলিয়ে দেশ থেকে এক জন করে ব্যাটারকে বেছে নিতে বলা হয় কামিন্সকে। ভারতের কঠিনতম ব্যাটারের নাম বলতে গিয়ে সময় নেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি বলেন, ‘‘ভারতের ক্ষেত্রে আমি চেতেশ্বর পুজারার নাম বলব। ওকে আউট করা খুব কঠিন হত। ভীষণ কঠিন। এক হাজারটা ছোট কাগজের আঘাতে ধুঁকে ধুঁকে মৃত্যুর মতো। দরকার হলে টানা ১০০ বলে একটাও রান না নিয়ে ব্যাট করতে পারে। তাতেও ও খুশি! কোনও সুযোগই দেয় না।’’
ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, নিউ জ়িল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম, সাউথ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান এবং ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিস গেইলকে কঠিনতম ব্যাটার হিসাবে বেছে নিয়েছেন কামিন্স। পাকিস্তানের ক্ষেত্রে কঠিনতম প্রতিপক্ষ হিসাবে বেছে নিয়েছেন প্রাক্তন স্পিনার সঈদ আজমলকে। এ ক্ষেত্রে কামিন্স নিজেকেই ব্যাটার হিসাবে বিবেচনা করেছেন।
আরও পড়ুন:
আগামী জানুয়ারিতে ভারতে আসবে অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফিতে মুখোমুখি হবে দু’দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য ওই সিরিজ় শুভমন গিলদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইনাল খেলা নিশ্চিত করার জন্য অস্ট্রেলিয়ার কাছেও গুরুত্বপূর্ণ হতে পারে।