Advertisement
E-Paper

সময় নষ্ট করলেই শাস্তি পাবেন ব্যাটার, ভারতের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে নিয়ম আইসিসি-র, সিদ্ধান্ত গোলাপি বল, রান আউট নিয়েও

ক্রিকেটে আর সময় নষ্ট করতে পারবেন না ব্যাটারেরা। সময় নষ্ট করলে সংশ্লিষ্ট ব্যাটারকে শাস্তি দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পাশাপাশি গোলাপি বল, রান আউট নিয়েও সিদ্ধান্ত হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৬ ১৯:৩০
cricket

সময় নষ্ট নিয়ে শুভমন গিল এবং জ়াক ক্রলির ঝামেলা। গত বছর লর্ডসে। — ফাইল চিত্র।

ফুটবলের মতো ক্রিকেটেও সময় নষ্টের প্রবণতা রয়েছে দীর্ঘ দিন ধরেই। ফায়দা তুলতে প্রায়শই এই কাজ করে থাকেন ব্যাটারেরা। এ বার থেকে তা আর হবে না। সময় নষ্ট করলে সংশ্লিষ্ট ব্যাটারকে শাস্তি দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পাশাপাশি গোলাপি বল, রান আউট নিয়েও সিদ্ধান্ত হয়েছে।

কোনও ব্যাটার যদি পরের বল খেলার নির্ধারিত সময়েও তৈরি না থাকেন, তা হলে প্রথম অপরাধের জন্য আম্পায়ার তাঁকে সতর্ক করে দেবেন। দ্বিতীয় বার চূড়ান্ত সতর্কতা দেওয়া হবে। তৃতীয় বারও একই কাজ করলে বিপক্ষ দল পাঁচটি রান পাবে। পাশাপাশি পর পর শৃঙ্খলাবিধি ভাঙার দায়ে ওই ব্যাটারকে আরও শাস্তি পেতে হতে পারে।

২০২৫-এ লর্ডস টেস্টে ভারতের অধিনায়ক শুভমন গিল রেগে গিয়েছিলেন ইংরেজ ব্যাটার জ়াক ক্রলির প্রতি। শুভমনের অভিযোগ ছিল, ইচ্ছা করে সময় নষ্ট করছেন তিনি। পাশাপাশি তৃতীয় দিনের শেষ ওভার খেলতে নামার জন্য ক্রিজ়ে ৯০ সেকেন্ড দেরিতে এসেছিলেন তাঁরা। ওভারের মাঝেও বার বার সময় নষ্ট করছিলেন।

এ দিকে, গত ১ জুন আইসিসি এক বিবৃতিতে জানিয়েছিল, খারাপ আলোর কারণে কোনও টেস্টের কোনও দিনের খেলা ব্যাহত হলে, দিনের আলো কমে আসার পর গোলাপি বলে ম্যাচ খেলা যাবে। তবে তার জন্য দুই দলকেই রাজি হতে হবে। লাল বলে ম্যাচ শুরু হবে। আলো কমে এলে ফ্লাডলাইট জ্বালিয়ে গোলাপি বলে খেলা চালানো যাবে। সেই নিয়ম কিছুটা বদলানো হয়েছে। আইসিসি জানিয়েছে, ম্যাচ শুরুর আগে দুই দলের অধিনায়ক রাজি হলে তবেই গোলাপি বলে খেলা হবে। এক বার গোলাপি বলে খেলা শুরু হলে তা আর লাল বলে ফিরিয়ে আনা যাবে না। অর্থাৎ সেটিকে গোলাপি বলের টেস্ট হিসাবে গণ্য করা হবে।

রান আউটের ক্ষেত্রেও নিয়ম বদলেছে। এখন থেকে ফিল্ডারের হাতে পুরোপুরি বলের নিয়ন্ত্রণ থাকলে তবেই রান আউট বৈধ হবে। বলের সামান্য অংশ হাতে থাকা অবস্থায় তিনি যদি উইকেট ভেঙে দেন তা হলে আর রান আউট দেওয়া হবে। বল পুরোপুরি হাতের মধ্যে থাকতে হবে। বল কতটা নিয়ন্ত্রণে আছে সে বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন আম্পায়ার।

ICC Rule pink ball

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy