শুরু হওয়ার পর থেকে মেয়েদের প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দলের সংখ্যা একই রয়েছে। ২০২৩ থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় পাঁচটি দল খেলে প্রতি বছর। সব ঠিকঠাক থাকলে অদূর ভবিষ্যতে দলের সংখ্যা বাড়তে চলেছে। এমনই ইঙ্গিত দিয়েছেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া। তিনি জানিয়েছেন, পরের বছর এ নিয়ে আলোচনায় বসবেন তারা।
ডব্লিউপিএল প্রথম বছর থেকেই জনপ্রিয় হয়েছে। মেয়েদের ক্রিকেট দেখতেও যে ভারতীয় সমর্থকেরা ভিড় করেন তা প্রমাণ হয়ে গিয়েছে। গত বছর ভারত মহিলা বিশ্বকাপ জেতার পর থেকে আগ্রহ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে আরও বেশি মহিলা ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতে দলের সংখ্যা বাড়ানো হতে পারে।
ডব্লিউপিএলের মিনি নিলামের পর শইকীয়া বলেছেন, “কী ভাবে দলের সংখ্যা বাড়ানো যায় এবং আর কোন কোন জায়গায় উন্নতি করা যায়, এ ব্যাপারে পরের বছর থেকে আমরা বেশ কয়েক বার আলোচনায় বসব। শুধু ক্রিকেটার নয়, আরও কিছু বিষয় এর মধ্যে জড়িত রয়েছে। কোচ, নির্বাচক ইত্যাদি এবং বিভিন্ন অংশীদারেরাও এর সঙ্গে জড়িত।”
বোর্ড সচিব জানিয়েছেন, গত চার বছরে ডব্লিউপিএল অনেকটাই রাস্তা অতিক্রম করেছে। এই মুহূর্তে তারা মহিলাদের ক্রিকেট শাসন করছে। শইকীয়ার কথায়, “আইপিএলের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অন্যতম বড় প্রতিযোগিতার নাম ডব্লিউপিএল। চার বছরে অনেক রাস্তা পেরিয়ে এসেছি আমরা। এখন আমরা মেয়েদের ক্রিকেট শাসন করছি। ভারতে মহিলাদের ক্রিকেটের সাফল্যের নেপথ্যে এই লিগের অবদান রয়েছে।”
আরও পড়ুন:
-
ফুটবল বিশ্বকাপে টিকিট বিক্রি থেকে ৪৮ হাজার কোটি টাকা আয় ফিফার, কাতারকে ছাপিয়ে গেল উত্তর আমেরিকার তিন দেশ
-
২০০০০ কোটি টাকা! আইপিএলের সবচেয়ে দামি দল পাঁচ বারের ট্রফিজয়ীরা, কোথায় কেকেআর?
-
বিশ্বজয়ের পর বার্তা পেয়েছিলেন মন্ধানা, মোবাইল ব্যবহার না করা এক জন শুভেচ্ছা জানিয়েছিলেন, নাম ফাঁস করলেন প্রাক্তন অধিনায়ক
ডব্লিউপিএলে দলের সংখ্যা বাড়লে আরও অনেক মহিলা ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। আইপিএলে বিভিন্ন দলের মালিকেরাও মহিলাদের ক্রিকেটের দল কিনতে আগ্রহী। তার মধ্যে কেকেআরের মালিক শাহরুখ খানও রয়েছে। ভবিষ্যতে কলকাতা থেকে মহিলাদের দল ডব্লিউপিএলে খেলে কি না, সেটাই দেখার।