তিনি ফোন বিশেষ ব্যবহার করেন না। ফোন করলে বা বার্তা পাঠালে সহজে উত্তরও পাওয়া যায় না। অথচ ভারতের মহিলা দল বিশ্বকাপ জেতার পর সেই মহেন্দ্র সিংহ ধোনিই বার্তা পাঠিয়েছিলেন স্মৃতি মন্ধানাকে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা ফাঁস করেছেন মন্ধানা নিজেই। ধোনি নিজেও মহিলা দলের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন।
ধোনির বার্তা পেয়ে যে অবাক হয়েছিলেন তা স্বীকার করেছেন স্মৃতি। বলেছেন, “উনি আমাকে বিশ্বকাপ জয়ের পর বার্তা পাঠিয়েছিলেন। আমি জানি উনি খুব একটা ফোন ব্যবহার করেন না। তাই ওঁর বার্তা আসায় অবাক হয়েছিলাম। উনি জানিয়েছিলেন সকলকে ওঁর শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতে।” সঞ্চালক হর্ষ ভোগলে প্রশ্ন করেন, ধোনির নম্বর স্মৃতি ‘সেভ’ করেছেন তো? স্মৃতির উত্তর, “আমার কাছে আগে থেকেই ওঁর নম্বর ছিল।”
এর পর ধোনি ফাঁস করেছেন বার্তা পাঠানোর আসল উদ্দেশ্য। তিনি বলেন, “ওই দলের কারও নম্বর আমার কাছে ছিল না। আমি চাইছিলাম বার্তা পৌঁছে দিতে। ওই প্রতিযোগিতার আগে আমরা একটা বিজ্ঞাপন শুট করেছিলাম। তাই ভেবেছিলাম, স্মৃতিকে একটা বার্তা পাঠিয়ে দেখা যাক। ওকে এটাও বলেছিলাম, দলের যত জন সদস্য রয়েছে সকলে যেন আমার শুভেচ্ছা পায়।”
আরও পড়ুন:
-
অবসর আর দূরে নেই, স্পষ্ট করে দিলেন জোকোভিচ, খেলা ছাড়ার প্রশ্নে আর মেজাজ হারান না ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী
-
স্মৃতির সঙ্গে হাতই মেলালেন না হরমনপ্রীত, ভিডিয়ো প্রকাশ্যে, দুই ক্রিকেটারের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা
-
একই দিনে মুম্বই ইন্ডিয়ান্সের তিন কোচ ছাঁটাই! পোলার্ড আসার পরই বড় বদলের দিকে হাঁটছে রোহিতের দল
গত বছরের নভেম্বরে বিশ্বকাপ জিতেছিল ভারত। তাদের বিশ্বকাপ জয় যে ভবিষ্যতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তা মেনে নিয়েছেন ধোনি। বলেছেন, “খুব বড় একটা ব্যাপার। ভারতের মহিলা ক্রিকেট কী ভাবে সামনের দিকে এগোবে তার একটা দিক নির্দেশ হয়ে গিয়েছিল ওই জয়ে। দেশকে ট্রফি এনে দেওয়াই সবচেয়ে বড় কথা নয়। এই মেয়েরা আগামী দিনের মেয়েদের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করে দিয়েছে। কী ভাবে ক্রিকেটকে পেশা হিসাবে দেখবে সেটার রাস্তা বলে দিয়েছে। এটা ভারতের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ।”