তাঁর অবসর আর বেশি দূরে নেই। যে কোনও দিন খেলা ছেড়ে দিতে পারেন। তবে মানুষের সমালোচনা বা কটু কথায় খেলা ছাড়বেন না। স্পষ্ট করে দিয়েছেন নোভাক জোকোভিচ। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, খেলা ছাড়ার প্রশ্নে আর তাঁর রাগ হয় না। এমনকি কেউ কিছু না জেনে তাঁকে আক্রমণ করলেও আর রাগেন না।
বয়স ৩৯ হলেও ফর্ম এখনও হারাননি জোকোভিচ। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন। ফরাসি ওপেনে তাড়াতাড়ি বিদায় নিলেও উইম্বলডনে সেমিফাইনাল খেলেছিলেন। তবে ইউএস ওপেনে বিদায় নেন প্রথম রাউন্ডে। এটিপি ট্যুরেও সাংহাই মাস্টার্স এবং চিন ওপেন জিতেছেন।
এক সাক্ষাৎকারে জোকোভিচ বলেন, “যত দিন মানুষ থাকবে তত দিন জল্পনা থাকবে। এটা মানুষের স্বভাব। সব জায়গাতেই আছে। মানুষ সমালোচনা করতে, অসত্য তথ্য দিয়ে বিচার করতে ভালবাসে। আমি সে সবে পাত্তা দিই না। এতে আমার কোনও রাগও হয় না। আমার রাগ হয় অন্য কিছু জিনিসে।”
আরও পড়ুন:
কিছু দিন আগে একটি অনুষ্ঠানে অবসর নিয়ে কথা বলেছিলেন জোকোভিচ। জানিয়েছিলেন, এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিতে পারেন। তবে সময় কমে আসছে। জোকোভিচ বলেছিলেন, “এখনও বিশ্বাস করি যে সর্বোচ্চ পর্যায়ে লড়তে পারব। ফলাফলও দেখতে পাই। এ দিক-ও দিক একটু সক্রিয় টেনিস খেলার চেষ্টা করি। তবে শেষের সময় এগিয়ে আসছে। অবসর যে বেশি দূরে নেই এটা ঠিক।”