Advertisement
E-Paper

নিউ জ়িল্যান্ড সিরিজ় নিয়ে ভাবনা শুরু ভারতীয় দলে, এক বোলারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছেন গম্ভীরেরা

শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্ট ড্র করায় ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়েছে। নিউ জ়িল্যান্ড সিরিজ় নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় দল। কী ভাবনা তাদের?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ২১:৪২
cricket

আকিব নবিকে (মাঝে) পাঠানো হতে পারে ইংল্যান্ডে। — ফাইল চিত্র।

শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্ট ড্র করে বিপদে পড়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়েছে। নিউ জ়িল্যান্ড সিরিজ় নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় দল। তাই এক জোরে বোলারকে কাউন্টি খেলতে পাঠানো হচ্ছে ইংল্যান্ডে, যাতে পেস সহায়ক পিচে বোলিংয়ের ব্যাপারে সড়গড় হয়ে যান তিনি।

সেই বোলার হলেন আকিব নবি। গত বার রঞ্জি ট্রফিতে সবচেয়ে বেশি উইকেট (৬০) নিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কায় দু’টি টেস্টেই সুযোগ পাননি নবি এবং গুরনুর ব্রার। শ্রীলঙ্কা সিরিজ় খেলার পর মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে বিশ্রাম দেওয়া হয়েছে। ব্রার দলীপ ট্রফি খেলতে উত্তরাঞ্চল দলে যোগ দিচ্ছেন।

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল পরিচালন সমিতি। গুরনুর খেলবে দলীপ ট্রফিতে। ইতিমধ্যেই অর্শদীপ সিংহ ও অংশুল কম্বোজ রয়েছে দলে। গুরনুর খেলবে সুনীল কুমারের জায়গায়। তাই বোর্ড চাইছে আকিব যাতে ইংল্যান্ডে অন্তত দু’-তিনটি লাল বলের ম্যাচ পায়। তাতে ওর অভিজ্ঞতা বাড়বে।”

শোনা গিয়েছে, সারে একজন সুইং বোলার চাইছে। তাই সেই কাউন্টি দলের হয়ে খেলতে পারেন নবি। সারের কর্তা তথা ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার আলেক্স স্টুয়ার্ট এ ব্যাপারে বোর্ডের সঙ্গে কথাও বলেছেন।

ওই সূত্রের কথায়, “নিউ জ়িল্যান্ডে পরিবেশ একটু আলাদা হবে। তবে আকিব নিশ্চিত ভাবে দলের ভাবনায় থাকবে। গুরনুর দলীপে খেলার সময়ে আকিবও যদি কাউন্টিতে খেলার সুযোগ পায় তা হলে ম্যাচের মধ্যেই থাকবে। বোর্ড চেষ্টা করছে ওর ভিসা জোগাড়ের। দেশে ফিরেই ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারে আকিব।”

ইতিমধ্যেই মানব সুতার ওয়ারউইকশায়ারের হয়ে দু’টি ম্যাচ খেলেছেন। কুলদীপ যাদব ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন ইয়র্কশায়ারের হয়ে খেলবেন বলে। আশুতোষ শর্মা মিডলসেক্সের হয়ে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপ খেলেছেন। গ্লুস্টারশায়ারের হয়ে খেলছেন আর সাই কিশোর।

India Vs New Zealand Gautam Gambhir BCCI County Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy