Advertisement
E-Paper

গ্রেফতার বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণের অভিযোগ

মঙ্গলবার অভিষেক পোড়েলকে গ্রেফতার করেছে মগরা থানার পুলিশ। অভিষেকের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি ও বিএনএস-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৬ ১৪:০৯
cricket

অভিষেক পোড়েল। —ফাইল চিত্র।

বাংলা দল ও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ক্রিকেটার অভিষেক পোড়েল গ্রেফতার। এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করেছে মগরা থানার পুলিশ। অভিষেকের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি ও বিএনএস-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবারই তাঁকে পেশ করা হবে চুঁচুড়া আদালতে।

হুগলির মগরা থানায় গত ২৩ জুন অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্নাটকের এক তরুণী ডাক্তারি পড়ুয়া। তরুণীর অভিযোগ, তাঁর সঙ্গে অভিষেকের সাড়ে তিন বছর সম্পর্ক ছিল। তাঁরা ঠিক করেছিলেন, বিয়ে করবেন। একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু বছর দেড়েক আগে তাঁদের মধ্যে সমস্যা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সময়ে অভিযোগ দায়ের হয়নি। এ বার অভিযোগ দায়ের করেন তরুণী।

যদিও সেই সময় তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন অভিষেক। বেঙ্গালুরু থেকে ফোনে তিনি আনন্দবাজার ডট কম-কে বলেছিলেন, “এখন আমি ভাল খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।” তিনি আরও বলেছিলেন, ‘‘আইপিএল সবে শেষ হয়েছে। আমি এখন পরিবার নিয়ে ব্যস্ত।’’ তিনি জানিয়েছিলেন, পুলিশ তখনও পর্যন্ত এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। অভিষেকের কথায়, ‘‘পুলিশ যখন তদন্ত করবে, আমি তখন এ নিয়ে কথা বলব। পুলিশের সঙ্গে আমার এখনও কোনও কথা হয়নি।’’ তিনি বাড়িতে ফেরার পর তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ দায়েরের পর বেশ কিছু দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় ওই তরুণী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাই কোর্টের বিচারপতি নির্দেশ দেন, অভিষেককে গ্রেফতার করতে হবে। তার পরেই পদক্ষেপ করেছে পুলিশ।

গত বারেই আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পেয়েছিলেন অভিষেক। বাংলার হয়ে ধারাবাহিক ভাবে রান করে আইপিএলে জায়গা করে নেন। ঋষভ পন্থের অভাব ঢাকার জন্য তাঁকে রাখা হয়েছিল দলে। কিন্তু সে বার মাত্র চারটি ম্যাচে খেলানো হয়েছিল। সে ভাবে রানও করতে পারেননি। তাতে যদিও দিল্লি তাঁকে ছেঁটে ফেলেনি। তরুণ উইকেটরক্ষকের উপর ভরসা রাখা হয়েছিল আরও একটি মরসুম। নিরাশ করেননি অভিষেক। এ বারের আইপিএলে রান আসে তাঁর ব্যাট থেকে।

Abishek Porel bengal cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy