আইপিএলে নিলাম যে তিন বছর বাদে দেশে ফিরতে চলেছে এ কথা আগেই জানা গিয়েছিল। সেটাই হচ্ছে। শনিবারই বোর্ডের একটি দলের তরফে সব দলকে মোবাইলে বার্তা পাঠিয়ে প্রাথমিক ভাবে শহর এবং তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। দলগুলি রাজি থাকলেই নিলাম আয়োজনের চূড়ান্ত রূপরেখা তৈরি করে ফেলা হবে।
সব ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর গোয়ার একটি বিলাসবহুল হোটেলে আইপিএলের ছোট নিলাম হতে চলেছে। ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইটের তরফে এমনই জানা গিয়েছে। এ দিন মোবাইলে বার্তা পাঠানো হয়েছে বোর্ডের তরফে। কিছু দিন পর আনুষ্ঠানিক ভাবে দলের মালিক এবং কর্তাদের দিন, শহরের কথা চূড়ান্ত ভাবে জানিয়ে দেওয়া হবে। অনেক দলই জানিয়েছে, তারা এই বার্তা পেয়েছে।
আগেভাগে যাতে হোটেল এবং যাতায়াতের যাবতীয় ব্যবস্থাপনা করে রাখা যায় তার জন্য এই বার্তা পাঠানো হয়েছে। দিন বদল হবে কি না তা এখনও পরিষ্কার নয়। দলমালিক এবং কর্তাদের আনুষ্ঠানিক বার্তা পাঠানো হলে তবেই বিষয়টি পরিষ্কার হবে। ঘটনাচক্রে, একই দিনে বেঙ্গালুরু ভারত বনাম শ্রীলঙ্কার এক দিনের ম্যাচ রয়েছে।
শেষ বার ২০২৩-এ কোচিতে আইপিএলের নিলাম হয়েছিল। পরের তিন বছর দুবাই, জেড্ডা এবং আবু ধাবিতে নিলাম হয়েছে। এ বার সেটি ভারতে ফেরানো হচ্ছে। যদিও এটি মিনি নিলাম হবে। পরের বছর মহা নিলাম আবার বিদেশে আয়োজন করা হবে।
আরও পড়ুন:
-
মুম্বইয়ে জয়বর্ধনের জায়গা নিতে পারেন ধোনির প্রাক্তন সতীর্থ, ঘোরাফেরা করছে কেকেআরের প্রাক্তন অধিনায়কের নামও
-
বুমরাহ নয়, নিউ জ়িল্যান্ড ভয় পাচ্ছে ভারতের অন্য এক জোরে বোলারকে, জানিয়ে দিলেন টিম সাউদি
-
ক্রিকেটে আগ্রহই ছিল না কুশাগ্রের, ইতিহাসবিদ রোমিলা থাপারের কথা শুনে ছেলেকে ক্রিকেটার করেন বাবা, নেপথ্য অবদান ধোনিরও
সম্প্রতি আইপিএলের কিছু দলের পক্ষ থেকে বিদেশে নিলাম আয়োজনে আপত্তি জানানো হয়েছিল। দলগুলি জানিয়েছিল, বিদেশে অতিথি-অভ্যাগত এবং কর্তাদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা রয়েছে। এ বারও আবু ধাবিতে নিলাম করার কথা ভাবা হয়েছিল। তবে দলগুলির দাবি মাথায় রেখে তা ভারতেরই কোনও শহরে আয়োজন করা হচ্ছে।