Advertisement
E-Paper

পাক-ইংল্যান্ড ম্যাচে নাটক! ৯৭ রানে শাদাব আউট হতেই জয়ী ঘোষণা রুটদের, শেষে জিতল পাকিস্তান

জয়ের জন্য পাকিস্তানের যখন ২১ রান বাকি, তখনই গাস অ্যাটকিনসনের একটি ফুলটস শাদাবের প্যাডে লাগে। আম্পায়ার আউট দেন। তখন ৯৭ রানে খেলছিলেন শাদাব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৪:২০
cricket

পাকিস্তানকে জেতানোর পর হ্যারিস রউফ (বাঁ দিকে) ও শাদাব খান। ছবি: এক্স।

পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচে একেবারে শেষ দিকে হল চরম নাটক। শাদাব খান আউট হতেই ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করে দেওয়া হল। হতাশ শাদাব কেঁদে ফেলেছিলেন। হঠাৎই তৃতীয় আম্পায়ার জানিয়ে দিলেন, শাদাব আউট নন। আবার শুরু হল খেলা। শেষ পর্যন্ত তা জিতল পাকিস্তান।

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪২ রান তাড়া করতে নেমে একটা সময় ১৫৪ রানে ৯ উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের। সেখান থেকে শাদাব ও হ্যারিস রউফ জুটি বাঁধেন। জয়ের জন্য যখন ২১ রান বাকি, তখনই গাস অ্যাটকিনসনের একটি ফুলটস শাদাবের প্যাডে লাগে। আম্পায়ার আউট দেন। তখন ৯৭ রানে খেলছিলেন শাদাব।

ইংল্যান্ডের ক্রিকেটারেরা উল্লাস শুরু করেন। পাকিস্তানের রিভিউ বাকি ছিল। শাদাব রিভিউ নিলেও তাঁর চোখমুখ দেখে মনে হচ্ছিল, তিনি আউট। হতাশায় মাটিতে বসে পড়েন তিনি। তাঁকে স্বান্তনা দেন রউফ। সম্প্রচারকারী চ্যানেল দেখিয়ে দেয়, ২০ রানে ম্যাচ জিতে গিয়েছে ইংল্যান্ড। জো রুটদের দলের কেউ কেউ তো ডাগআউটেও চলে গিয়েছিলেন।

ধারাভাষ্যকারেরাও রিপ্লে দেখে বলেন, স্পষ্ট আউট। পরে আল্ট্রা-এজে দেখা যায়, বল ব্যাটে হালকা লেগে তার পর প্যাডে লেগেছে। অর্থাৎ, শাদাব আউট হননি। মাঠের আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে হয়। ইংল্যান্ডের ক্রিকেটারেরা অবাক হয়ে যান। আবার মাঠে নেমে ফিল্ডিং শুরু করতে হয় তাঁদের। অবাক হয়ে যান শাদাবও। জীবন ফিরে পেয়ে হেসে ফেলেন তিনি।

পরে অ‍্যাটকিনসনের বলে দু’টি চার ও একটি ছক্কা মারেন শাদাব। শেষে একটি চার মেরে খেলা শেষ করেন রউফ। শাদাব ও রউফের শেষ উইকেটে ৮৯ রানের জুটি দলকে জেতায়। অপরাজিত ১১৩ রান করে ম্যাচের সেরা হন শাদাব। এক দিনের ক্রিকেটে সফল রান তাড়া করে জয়ের ক্ষেত্রে এটি দশম উইকেটে সর্বাধিক রানের জুটি।

Pakistan Vs England Shadab Khan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy