Advertisement
E-Paper

টেস্ট সিরিজ়ের আগেই ছাঁটাই ব্যাটিং কোচ! বাংলাদেশের সাজঘরের পরিবেশ কেমন? মুখ খুললেন প্রধান কোচ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ভারতের উপরে তারা। সেই কারণেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ় বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১২:৫০
cricket

ফিল সিমন্স। —ফাইল চিত্র।

সামনেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ় রয়েছে। তার আগে হঠাৎ দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মহম্মদ আশরাফুলকে। এই ঘটনার প্রভাব কি সাজঘরে পড়েছে? বিতর্কের মাঝে মুখ খুললেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

‘ক্রিকইনফো’-কে সিমন্স জানিয়েছেন, ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটতেই পারে। তার প্রভাব খেলায় পড়বে না। তিনি বলেন, “কোনও ম্যাচের আগে এই ধরনের বিতর্ক কি প্রথম বার হল? প্রত্যেকটা সিরিজ় গুরুত্বপূর্ণ। এ বার আমাদের প্রস্তুতি আরও ভাল হয়েছে। গত তিন-চার দিন ধরে দল খুব ভাল অবস্থায় আছে। সকলে এক হয়ে অনুশীলন করছে। তাই এই সময়ে বাইরের কোনও খবর আমরা শুনব না। শুধু নিজেদের নিয়েই ভাবছি।”

শনিবার আশরাফুলকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়ান গেমস এবং সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত এক দিনের ত্রিদেশীয় সিরিজ়ে ব্যাটিং ব্যর্থতার জন্য বরখাস্ত করা হয়েছে প্রাক্তন অধিনায়ককে। দুই প্রতিযোগিতাতেই বাংলাদেশের ব্যাটারেরা প্রত্যাশার ধারে কাছে পৌঁছোতে পারেননি।

বাংলাদেশ, জ়িম্বাবোয়ে এবং আফগানিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ় জয়ের প্রধান দাবিদার ছিল তৌহিদ হৃদয়ের দল। কারণ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ক্রমতালিকা অনুযায়ী, বাকি দু’দেশের থেকেই এগিয়ে বাংলাদেশ। কিন্তু প্রতিযোগিতার ফাইনালেই উঠতে পারেনি তারা। আফগানিস্তানের বিরুদ্ধে ১৬০ রানে এবং জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ১৭২ রানে অলআউট হয়ে যায়। দু’টি ম্যাচই হেরে যায় বাংলাদেশ। তাদের প্রায় সব ব্যাটারই আফগানিস্তান এবং জ়িম্বাবোয়ের বোলিং আক্রমণের সামনে সমস্যা পড়েন। এমন হতশ্রী পারফরম্যান্সের জন্যই চাকরি খোয়ান ব্যাটিং কোচ আশরাফুল। আপাতত অন্তর্বর্তী ব্যাটিং কোচ করা হয়েছে মহম্মদ সালাউদ্দিনকে।

সিমন্স অবশ্য জানিয়েছেন, আপাতত বুধবার থেকে মীরপুরে যে টেস্ট শুরু হবে সেটা নিয়েই ভাবছেন তিনি। প্রধান কোচ বলেন, “আমার মনে হয় সকলে এখন টেস্ট নিয়েই ভাবছে। আমাদের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা। সেই সুযোগও আমাদের আছে। সেই লক্ষ্যেই আমাদের এগোতে হবে।”

এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। ভারতের উপরে তারা। ওয়েস্ট ইন্ডিজ়কে ঘরের মাঠে দুই টেস্টে হারাতে পারলে সেই তালিকায় উপরে উঠবে তারা। আপাতত সেই লক্ষ্যেই এগোতে চাইছেন সিমন্স। বাইরের কোনও আওয়াজে কান দিতে চাইছেন না তিনি।

bangladesh cricket team Phil Simmons

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy