Advertisement
E-Paper

অশ্বিন ১০-এ ১ দিলেও গম্ভীরের ভরসা বৈভবের উপর! নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও প্রথম একাদশে বাঁহাতি ব্যাটার

দ্বিতীয় ম্যাচে আট বল খেলে মাত্র ৪ রান করেছিল বৈভব। অনেকেই ভেবেছিলেন, মঙ্গলবার তৃতীয় ম্যাচে তার জায়গা হবে না দলে। কিন্তু দেখা গেল, কোচ গৌতম গম্ভীর তার উপর ভরসা রেখেছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ১২:২৩
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়ে রান করতে পারেনি বৈভব সূর্যবংশী। আট বল খেলে মাত্র ৪ রান করেছিল সে। অনেকেই ভেবেছিলেন, মঙ্গলবার তৃতীয় ম্যাচে বৈভবের জায়গা হবে না দলে। কিন্তু দেখা গেল, কোচ গৌতম গম্ভীর তার উপর ভরসা রেখেছেন। ফলে তৃতীয় ম্যাচেও প্রথম একাদশে রয়েছে ১৫ বছরের বাঁহাতি ব্যাটার।

ওয়েলিংটনে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁকে প্রথম একাদশ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগের ম্য়াচের দলই খেলছে। কোনও বদল করা হয়নি। অর্থাৎ, ঈশান কিশনের বদলে তিন নম্বরে বৈভবের উপরেই ভরসা রেখেছে দল। এক ম্য়াচের ব্যর্থতায় বাদ দেওয়া হয়নি তাকে।

ভারতের টি-টোয়েন্টি দলে অভিষেকের পর গত ম্যাচে সবচেয়ে খারাপ খেলেছে বৈভব। একেবারেই ছন্দে দেখা যায়নি তাকে। পাওয়ার প্লে-তে খেলতে নেমেও চালিয়ে খেলতে পারেনি। ম্যাচের পর সম্প্রচারকারী চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন বলেন, “অভিষেক শর্মাকে আমি ৯ দেব ওর সাহসিকতার জন্য। সঞ্জু স্যামসন পাবে ৩। বৈভবকে ১ দেব। কারণ কাউকে শূন্য দিতে ইচ্ছা করে না।” অশ্বিনের কথায় যে গম্ভীরেরা কান দেননি তা এই সিদ্ধান্ত থেকে পরিষ্কার।

ভারতের কোচ গম্ভীর ও অধিনায়ক শ্রেয়সের কথা থেকে স্পষ্ট, বৈভবকে ধীরে ধীরে তৈরি করতে চাইছেন তাঁরা। দলের সঙ্গে রাখছেন। কিন্তু অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন থাকায় ওপেনিংয়ে জায়গা হচ্ছে না বৈভবের। দু’জনেই জানিয়েছেন, বৈভবকে নিজের সুযোগের অপেক্ষা করতে হবে। ঈশান চোট পাওয়ায় সেই সুযোগ পেয়েছে বৈভব। তাই তিন নম্বরেই তাকে খেলিয়ে দেখে নিতে চাইছেন গম্ভীর, শ্রেয়সেরা।

India Vs New Zealand Vaibhav Sooryavanshi Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy