Advertisement
E-Paper

আগরকর নির্বাচক কমিটি থেকে সরতেই দলে ভুবনেশ্বর! কী ভাবে ‘নির্বাসন’ থেকে জাতীয় দলে ফিরলেন জোরে বোলার? ফাঁস রহস্য

প্রধান নির্বাচক পদে অজিত আগরকরের বিদায়ের পরেই ফিরিয়ে আনা হল ভুবনেশ্বর কুমারকে। প্রকাশ্যে এসেছে, কী ভাবে আগরকরের গোঁয়ার্তুমিতে দিনের পর দিন ব্রাত্য থাকতে হয়েছে ভুবনেশ্বরকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১৬:০৩
cricket

ভুবনেশ্বর কুমার। — ফাইল চিত্র।

প্রধান নির্বাচক পদে মেয়াদ শেষ হতেই সরে গিয়েছেন অজিত আগরকর। তাঁর বিদায়ের পর প্রথম দল নির্বাচনেই ফিরিয়ে আনা হল ভুবনেশ্বর কুমারকে। চার বছর জাতীয় দল থেকে দূরে, কার্যত ‘নির্বাসনে’ চলে গিয়েছিলেন। ভুবনেশ্বরের প্রত্যাবর্তনের পরেই প্রকাশ্যে এসেছে, কী ভাবে আগরকরের গোঁয়ার্তুমিতে দিনের পর দিন ব্রাত্য থাকতে হয়েছে ভুবনেশ্বরকে।

আইপিএলে টানা দু’বার ট্রফি জয়ী বেঙ্গালুরুর সদস্য ভুবনেশ্বর। দু’বারই দলকে ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। পুরনো এবং নতুন বলে অবলীলায় সুইং করিয়েছেন। টি-টোয়েন্টিতে নিজেকে নতুন ভাবে মেলে ধরেছেন। তা সত্ত্বেও জাতীয় দলে ফেরার রাস্তা প্রশস্ত হয়নি। একটা সময়ে হালও ছেড়ে দিয়েছিলেন জোরে বোলার।

জানা গিয়েছে, আগরকর কখনওই অতীতের তারকাদের দলে ফেরাতে উৎসাহী ছিলেন না। তিনি বার বার ভবিষ্যতের দিকে তাকানোর কথা বলতেন। ভুবনেশ্বরের প্রাক্তন সতীর্থ তথা বর্তমান নির্বাচক রুদ্রপ্রতাপ সিংহ নির্বাচক কমিটির বৈঠকে একাধিক বার ভুবনেশ্বরকে ফেরানোর পক্ষে সওয়াল করেছেন। কোনও বারই তা কানে তোলেননি আগরকর।

মুম্বইয়ের ক্রিকেটার সরে যাওয়ায় আরপি-র কাছে কাজ সহজ হয়ে যায়। পরিসংখ্যান তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝাকে রাজি করানো কঠিন ছিল না। ওঝাও ভুবনেশ্বরের পরিসংখ্যানে খুশি হন। এর পরেই তাঁকে ফেরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

ভুবনেশ্বর ঠান্ডা মাথা এবং পরিশ্রমের ক্ষমতাই তাঁকে ফেরাতে সাহায্য করেছে। ক্রিকেটজীবনে কোনও দিন অন্যের ঘাড়ে দোষ ঠেলেননি। নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। দক্ষতা বাড়ানোর দিকে নজর দিয়েছেন। জাতীয় দল থেকে দূরে থাকার সময়ে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। এই বিষয়গুলিই তাঁকে ফিরতে সাহায্য করেছে।

তবে আসল কাজটি করেছে আইপিএলে তাঁর পারফরম্যান্স। প্রতিষ্ঠিত ব্যাটারদেরও সুইংয়ের ফাঁদে ফেলে আউট করেছেন। তবু নিজের সাফল্য নিয়ে কখনও কথা বলেননি। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, এখনও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে।

বোর্ডের এক কর্তা মজা করে বলেছেন, “ভুবনেশ্বর তো ফিরল। তা হলে শামির প্রত্যাবর্তন কি খুব দূরে?” আপাতত অপেক্ষা।

Bhuvneshwar Kumar BCCI India Vs New Zealand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy