ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে চোটের নাটক করে কাঠগড়ায় ইমাম উল-হক। পাকিস্তানের ওপেনারের কাজকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না বোর্ড। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে। পাল্টা ইমাম জানিয়েছেন তিনি আইনজীবী নিয়ে তদন্ত কমিটির সামনে যাবেন। এ দিকে, পাকিস্তান সুপার লিগের একটি দলের কর্তা প্রশ্ন তুলেছেন দেশের ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে।
মঙ্গলবার রাতে একটি সাক্ষাৎকারে নির্বাচক কমিটির কর্তা আকিব জাভেদ বলেন, “এই বিষয়টা নিয়ে তদন্ত হবে। পেশিতে চোটের কারণে দুটো ইনিংসেই ব্যাট করতে পারল না। এমনটা কী করে হতে পারে। চোট লাগতেই পারে। কিন্তু চোট নিয়ে ব্যাটারেরা ক্রিজ়ে নেমে একটা চেষ্টা অন্তত করে। এই পরিস্থিতি অন্য রকম। খুব চিন্তায় বিষয়। আশা করি কোনও ব্যবস্থা নেওয়া হবে।”
ইমামও এত সহজে হাল ছাড়ছেন না। তাঁর ঘনিষ্ঠ এক সূত্র বলেছেন, “ইমাম নিজেও জানে ও কত বড় বিপদের মধ্যে রয়েছে। ও জানে পেশির চোট নিয়ে বোর্ডের তদন্ত কমিটির সামনে ওকে যেতেই হবে। তাই নিজেও আইনি রাস্তার পথ খোলা রাখছে।”
আরও পড়ুন:
-
বুমরাহ, হার্দিকদের নিয়ে বার বার মুখ পুড়েছে, ফিটনেস নিয়ে এ বার কড়া বোর্ড, বদলানো হচ্ছে দল নির্বাচনের পদ্ধতি
-
ঠাসা সূচি, সমস্যা প্রস্তুতিতে! শুভমনের টেস্ট বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্নে বাধা ভারতীয় বোর্ডই
-
জোড়া গোলে মেসি, এমবাপের নজির ভেঙে দিলেন ইয়ামাল, ৯১ বছর পুরনো একটি রেকর্ডও ভাঙলেন বার্সেলোনার ফুটবলার
এ দিকে, পিএসএলের মুলতান সুলতান্স দলের মুখ্যকর্তা গোহর শাহ প্রশ্ন তুলেছেন ক্রিকেটারদের মানসিকতা নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি জানি বিপদে পড়তে পারি। কিন্তু পাকিস্তান ক্রিকেটের সৎ পর্যালোচনা করতে চাই। দলের অংশীদার হওয়ার আগে সমর্থক ছিলাম। নিজে খেলার সময়ে এবং পিএসএলের সঙ্গে যুক্ত থাকার সুবাদে, সাজঘরের পরিবেশ দেখে একটা জিনিস বুঝেছি। এখানে মাঝখান পর্যন্ত উৎসব এবং খারাপ খাদ্যাভ্যাস খুবই স্বাভাবিক। আমি জানি টানা ছ’সপ্তাহ হোটেলের একই খাবার খেতে ভাল লাগে না। কিন্তু ‘পেশাদারিত্ব’ শব্দটার একটা অর্থ তো আছে নাকি।”
টেস্ট ম্যাচে পাক ক্রিকেটারদের মনোভাবেরও সমালোচনা করেছেন। বলেছেন, “কেউ পরিশ্রম করতে চায় না। এটাই ওদের মানসিকতা। ধরুন টেস্টে কোনও বোলার এক স্পেলে অনেকক্ষণ বল করল। সে ফিল্ডিংয়ের সময় বলের পিছনে দৌড়োবেই না। তা হলে কী কারণে শক্তি বাঁচিয়ে রাখা হচ্ছে? টেস্ট শেষই হয়ে যাচ্ছে আড়াই দিনে।”