Advertisement
E-Paper

কোহলি-রোহিতের অসমাপ্ত কাজ শেষ করাই লক্ষ্য শুভমনের, ক্রমতালিকা নিয়ে ভাবেন না এক দিনের ক্রিকেটের এক নম্বর ব্যাটার

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে ঘরের মাঠে ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ এখনও রয়েছে ভারতের ক্রিকেটারদের। তাই এ বার বাড়তি সতর্ক শুভমন গিল। তাঁর কথায় ধরা পড়েছে সেই আক্ষেপ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১৪:৫৬
Picture of Cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

আগামী এক দিনের বিশ্বকাপের সূচি প্রকাশ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তার পরই ভারতের অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, ভারতের অসমাপ্ত কাজ শেষ করতে চান তিনি। দক্ষিণ আফ্রিকায় কাজে লাগাতে চান বিরাট কোহলি এবং রোহিত শর্মার অভিজ্ঞতা।

২০২৩ সালের বিশ্বকাপে ঘরের মাঠে ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ এখনও রয়েছে ভারতের ক্রিকেটারদের। তাই এ বার বাড়তি সতর্ক শুভমন। তাঁর কথায় ধরা পড়েছে সেই আক্ষেপ। ভারত-ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শুভমন বলেছেন, ‘‘আগের বার আমরা কাজ শেষ করতে পারিনি। আমরা গোটা প্রতিযোগিতায় ভাল খেলেছিলাম। প্রতিযোগিতার সেরা দল ভাবা হচ্ছিল আমাদের। কিন্তু বিশ্বকাপ এমনই। আপনি গোটা প্রতিযোগিতাটা দুর্দান্ত খেললেন, কিন্তু একটা ম্যাচে পারলেন না। সেই ম্যাচটাই হয়তো বিশ্বকাপ ফাইনাল। তা হলে তো আপনার কাজ শেষ হল না।’’ শুভমন আরও বলেছেন, ‘‘খেলোয়াড়েরা খুব বেশি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় না। দুটো, তিনটে, চারটে নাকি পাঁচটা— এক জন কটা বিশ্বকাপ খেলবে, কেউ বলতে পারে না। দেশের হয়ে বিশ্বকাপ খেলার চেয়ে বড় সম্মান হয় না। আমি ভাগ্যবান, কারণ আর একটা বিশ্বকাপ খেলার সুযোগ পেতে চলেছি।’’

২০২৭ সালের এক দিনের বিশ্বকাপে বেশ কিছু তরুণ ক্রিকেটার থাকতে পারেন ভারতীয় দলে। আবার কোহলি, রোহিতও থাকবেন। দুই সিনিয়র ব্যাটারকে পাওয়ায় শুভমন নিজেকে ভাগ্যবান মনে করছেন। তিনি বলেছেন, ‘‘নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। বিরাট ভাই সম্ভবত এক দিনের ক্রিকেটে সেরা ব্যাটার। আর রোহিত ভাই এক দিনের ক্রিকেটে বিশ্বের সেরা ওপেনার। দলে এমন দু’জন ক্রিকেটারকে পাওয়াটাই দুর্দান্ত। ওদের প্রচুর অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা দিয়ে আমাদের সব সময় সাহায্য করে ওরা। দলে ওদের উপস্থিতিটা আমরা ভীষণ উপভোগ করি। ওদের পরামর্শগুলোও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’’

শুধু কোহলি বা রোহিতের থেকে নয়, শুভমন প্রত্যেক সতীর্থের কাছে পরামর্শ চান। সকলের কাছ থেকে শেখার চেষ্টা করেন। তিনি বলেছেন, ‘‘ওদের দু’জনের সঙ্গে তো কথা বলিই। এ ছাড়া লোকেশ রাহুল, শ্রেয়স আয়ারের পরামর্শ নিই। দরকার হলে দলের সকলের পরামর্শই নিই। অনেক সময় দেখা যায়, ওরা যে পরামর্শটা দিচ্ছে, সেটা আমি আগেই ভেবে ফেলেছি। আবার এমন হয়, ওরা যেটা বলে, সেটা আমি হয়তো ভেবেই দেখিনি। তাই সকলের কথা শোনা উচিত। সকলের ভাবনাকে গুরুত্ব দেওয়া উচিত। আমিও সকলের পরামর্শ নিই।’’

আইসিসির এক দিনের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন শুভমন। তা নিয়ে ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘‘যত দূর মনে পড়ছে, ২০২৩ সালের বিশ্বকাপের সময় প্রথম বার আমি এক নম্বরে উঠেছিলাম। ভালই লেগেছিল। তখন বয়স কম ছিল। বাচ্চাদের ক্রমতালিকা নিয়ে আগ্রহ থাকে। একটা সময় আমিও চাইতাম এক দিনের ক্রিকেটে এক নম্বর ব্যাটার হব। স্বাভাবিক ভাবে তখন খুবই ভাল লেগেছিল। কিন্তু এখন আর এটা খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয় না। এখন মনে হয় দলের জন্য মাঠে নামা, রান করে দলকে জেতানো বেশি গুরুত্বপূর্ণ। ক্রমতালিকায় জায়গা ধরে রাখার চেয়েও জরুরি দলের জয়ে অবদান রাখা।’’

ভারতীয় দলের নেতৃত্বকে বাড়তি চাপ হিসাবে দেখেন না শুভমন। তিনি বলেছেন, ‘‘নেতৃত্ব এটা দায়িত্ব। গুরুত্বপূর্ণ দায়িত্ব। বড় সম্মানও। ছোট বেলায় ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন কখনও দেখেছি বলে মনে হয় না। বরং স্বপ্ন দেখতাম, এক দিন দেশের হয়ে খেলব। দেশকে ম্যাচ জেতাবো। এ ভাবেই বড় হয়েছি। অধিনায়ক হব, এমন কখনও ভাবিনি। তবে এটা আমার কাছে চাপ নয়। দায়িত্ব মনে করলে, কাজটা আমার কাছে সহজ হয়ে যায়। বিশ্বাস করি, সঠিক উদ্দেশ্য নিয়ে কিছু চেষ্টা করলে, তার ফলও ইতিবাচক হবে।’’

শুভমন বুঝিয়ে দিয়েছেন, আগামী বছরের বিশ্বকাপের ভাবনা শুরু করে দিয়েছেন। গত বার অপরাজিত থেকে ফাইনালে ওঠার পরও চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ তাঁর রয়েছে। এ বার তিনিই অধিনায়ক। কোহলি, রোহিতদের অসমাপ্ত কাজ শেষ করার লক্ষ্য নিয়েই দক্ষিণ আফ্রিকা যাবেন।

ICC ODI World Cup 2027 Shubman Gill Virat Kohli Rohit Sharma Captaincy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy