Advertisement
E-Paper

শেষ এক দিনের ম্যাচ খেলে ফেলেছেন জাডেজা! ২০২৭ বিশ্বকাপের ভাবনায় নেই অলরাউন্ডার, ইঙ্গিত বোর্ডের

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দলে জায়গা পাননি রবীন্দ্র জাডেজা। এই সিদ্ধান্তেই ভারতীয় ক্রিকেট বোর্ড জাডেজার ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে দিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০৯:০৯
cricket

রবীন্দ্র জাডেজা। —ফাইল চিত্র।

সম্ভবত শেষ এক দিনের ম্যাচ খেলে ফেলেছেন রবীন্দ্র জাডেজা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে খেলেছিলেন। কিন্তু তৃতীয় ম্যাচে জায়গা পাননি। বাইরে রাখা হয়েছিল। ভারতের এক দিনের দলে আর জায়গা পাওয়ার সুযোগ প্রায় নেই ভারতীয় অলরাউন্ডারের। তাঁকে ২০২৭ সালের জন্য ভাবছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

অবশ্য এখনও জাডেজাকে নিয়ে তেমন কোনও কথা শোনা যায়নি শুভমন গিলের মুখ থেকে। ভারত অধিনায়ক বলেন, “আমার মনে হয় না জাড্ডু ভাইকে বাদ দেওয়া হয়েছে। অন্যদের সুযোগ দিতে তৃতীয় ম্যাচে ওকে বাইরে বসানো হয়েছে। ওর মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাইরে রাখা সত্যিই খুব কঠিন।”

কিন্তু পরিসংখ্যান অন্য কথা বলছে। প্রথম দুই এক দিনের ম্যাচে মাত্র দু’টি উইকেট নিয়েছেন জাডেজা। ব্যাট করার সুযোগ পাননি। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের পর ৩২টি এক দিনের ম্যাচের মধ্যে মাত্র ১৫টি খেলেছেন জাডেজা। নিয়েছেন ১৪ উইকেট। গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে নামার আগে সাত ম্যাচে মাত্র ১ উইকেট ছিল তাঁর। মাঝের ওভারে জাডেজার উইকেট তুলতে না পারা তাঁর বিরুদ্ধে গিয়েছে।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে আট ম্যাচ খেলেছেন জাডেজা। নিয়েছেন মাত্র ৫ উইকেট। প্রতি ওভারে ৬ রানের বেশি দিয়েছেন। ব্যাটিংয়েও কিছু করে দেখাতে পারছেন না তিনি। গত ছ’বছরে এক দিনের ক্রিকেটে একটিও অর্ধশতরান করতে পারেননি তিনি। ২০২৩ সালের পর থেকে ১০ ইনিংসে মাত্র ১৪৯ রান করেছেন জাডেজা।

স্পিনার-অলরাউন্ডার হিসেবে এখন যাঁদের নাম উঠে আসছে তাঁরা হলেন অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষ দুবে ও শাহবাজ় আহমেদ। ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে বোর্ডের এক আধিকারিক বলেন, “২০২৭ এক দিনের বিশ্বকাপের জন্য জাডেজার কথা ভাবা হচ্ছে না। অক্ষর ও ওয়াশিংটন সকলের আগে। পাশাপাশি হর্ষ ও শাহবাজ়ও আলোচনায় রয়েছে। ওরা এখন উৎকর্ষ কেন্দ্রে রয়েছে।”

ওই আধিকারিক আরও বলেন, “বাঁহাতি স্পিনার-অলরাউন্ডার হিসেবে সকলের থেকে এগিয়ে অক্ষর। জাডেজার থেকেও। অক্ষরের উইকেট নেওয়ার ক্ষমতা এই ফরম্যাটে অনেক বেশি। পাশাপাশি চার থেকে ৮ নম্বরে, যে কোনও জায়গায় ওকে নামানো যায়। ফিল্ডার হিসেবেও অক্ষর খুব ভাল।” নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে দলে জায়গা পাননি তিনি। সেখানেই বোর্ড জাডেজার ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে দিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের পর ভারতের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলেকে অবশ্য জাডেজার পাশেই দাঁড়াতে দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন, “আমার মতে জাডেজা খুবই গুরুত্বপূর্ণ এক ক্রিকেটার। গত ছ’মাসে ও অনেক উন্নতি করেছে।” বাহুতুলে যা-ই বলুন না কেন, বোর্ড অন্য কথা ভাবছে। বিশ্বকাপের ভাবনায় নেই জাডেজা। আর বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে ফেলেছে ভারত। তার অর্থ, হয়তো দেশের হয়ে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

India Cricket Team India Ravindra Jadeja ICC ODI World Cup 2027

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy