সোমবার অনুশীলনের পরে ঘাড়ে সমস্যা হয়েছিল। ফিজ়িয়োকে দেখা গিয়েছিল, ঘাড় মালিশ করতে। সংশয় ছড়িয়ে পড়েছিল, বুধবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে খেলতে পারবেন তো শুভমন গিল। তার জবাব দিলেন ভারত অধিনায়ক। কথা বললেন ব্যাটিং অর্ডার নিয়েও।
অকল্যান্ডে প্রথম ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে শুভমনকে ঘাড়ের চোট নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, “কোনও সমস্যা নেই। আমি প্রায় দেড় ঘণ্টা ধরে ব্যাট করেছি। তার পর ফিল্ডিং করেছি। কোনও সমস্যা হয়নি।” শুভমনের কথা থেকে পরিষ্কার, অনুশীলনের পর হয়তো রুটিন মেনে তাঁর ঘাড় মালিশ করছিলেন ফিজ়িয়ো।
প্রথম এক দিনের ম্যাচের আগে দলের ব্যাটিং অর্ডার নিয়েও কথা বলেছেন শুভমন। তিনি জানিয়েছেন, প্রথম চার ব্যাটার নিয়ে কোনও সমস্যা নেই। ওপেন করবেন তিনি ও রোহিত শর্মা। তিন নম্বরে বিরাট কোহলি। চার নম্বরে শ্রেয়স আয়ার।
আরও পড়ুন:
তবে দলের পাঁচ ও ছয় নম্বরে কারা নামবেন, সেটা পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হবে বলে জানিয়েছেন শুভমন। ভারত অধিনায়ক বলেন, “পাঁচ ও ছ’নম্বরে বদল হতে পারে। প্রথম চার ঠিক আছে। চার জনই ডানহাতি। তাই পাঁচ নম্বরে বাঁহাতি ব্যাটার দরকার পড়লে অক্ষর ভাই নামবে। আর ডানহাতি দরকার পড়লে রাহুল ভাই নামবে। তাই ওটা নির্দিষ্ট রাখা হয়নি।”
ভারতের ব্যাটিং অর্ডার দেখে বোঝা যাচ্ছে, তিন অলরাউন্ডার খেলানোর পরিকল্পনা রয়েছে। সাত ও আট নম্বরের জন্য নমন ধীর ও নীতীশ রেড্ডি রয়েছেন। প্রয়োজনে দু’জনকেই খেলানো হতে পারে। আর যদি এক জন অতিরিক্ত বোলার খেলানোর পরিকল্পনা গৌতম গম্ভীর করেন, তা হলে দু’জনের মধ্যে এক জনকে বসতে হবে। সে ক্ষেত্রে নীতীশের খেলার সম্ভাবনাই বেশি।