Advertisement
E-Paper

অভিষেকের ব্যাটে চার বলে তিনটি চার! ‘পরের বারও ভাইয়ের ব্যাট নিয়েই খেলতে নামব’, বলে দিলেন প্রিন্স

৬ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন প্রিন্স যাদব। শেষপর্যন্ত ভারত ১৪ রানে জিতেছে। অর্থাৎ, প্রিন্সের ইনিংসই তফাত গড়ে দিয়েছে। আর সেই ইনিংস তিনি খেলেছেন অভিষেক শর্মার ব্যাট নিয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ১১:৫৬
cricket

প্রিন্স যাদব (বাঁ দিকে) ও অভিষেক শর্মা। ছবি: এক্স।

তাঁর প্রধান কাজ বল করা। ইনদওরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়ে নিজের কাজটা করেছেন প্রিন্স যাদব। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন ব্যাট হাতে। শেষ দিকে ৬ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন। শেষপর্যন্ত ভারত ১৪ রানে জিতেছে। অর্থাৎ, প্রিন্সের ইনিংসই তফাত গড়ে দিয়েছে। আর সেই ইনিংস তিনি খেলেছেন অভিষেক শর্মার ব্যাট নিয়ে। খেলা শেষে সেই গল্প শোনালেন প্রিন্স।

শেষ দুই ওভারে চার বলের মধ্যে তিনটি চার মেরেছেন প্রিন্স। সেই কথা শোনা গিয়েছে দলের স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলের মুখে। খেলা শেষে সাজঘরে তিনি বলেন, “সবাই ভাল খেললেও একজনের কথা আলাদা করে বলতে হয়। প্রিন্সের তিনটে চার খুব গুরুত্বপূর্ণ ছিল। তুমি নিজের চরিত্র দেখিয়েছ।”

পরে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রিন্স ও অভিষেকের কথোপকথনের একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে প্রিন্স বলেন, “সব সময় দলকে সাহায্য করতে চাই। সেটা বল হাতে হোক বা ব্যাট হাত, কিংবা ফিল্ডিংয়ে।” তার পরেই গোপন কথা ফাঁস করেন তিনি। বলেন, “অভিষেক ভাই ব্যাট দিয়েছিল। বলেছিল, এই ব্যাটের অসম্মান করিস না। যাক, সম্মান রাখতে পেরেছি।”

সে কথা শুনে অভিষেক জানান, প্রিন্স ব্যাটটা করতে জানেন। ভারতীয় ওপেনার বলেন, “আমি ওকে ব্যাট করতে দেখেছি। অনেকে দেখেনি। তাই জানে না। দিল্লিতে খেলা হয় ‘সিঙ্গল ফাট্টি’। মানে এক বনাম একের খেলা। সেখানে ব্যাটও করতে হয়। বলও করতে হয়। ওর মধ্যে সেই প্রতিভা আছে চার-ছক্কা মারার। শুধু ব্যাট দিলেই তো হবে না। চার-ছক্কা মারতে গায়ের জোরও চাই।”

ইনদওরেই প্রথম নয়, অভিষেকের ব্যাটে প্রিন্স আগেও বড় শট খেলেছেন। সে কথা নিজেই জানিয়েছেন তিনি। প্রিন্স বলেন, “আমি অভিষেক ভাইয়ের ব্যাটে ইংল্যান্ডেও খেলেছিলাম। ওখানে একটা ছক্কা মেরেছিলাম। আয়ারল্যান্ডেও একটা ছক্কা মেরেছিলাম। এখানেও রান করলাম। পরের বারও ভাইয়ের ব্যাট নিয়েই যাব।” তা শুনে অভিষেক বলেন, “একদম। এ ভাবেই ভাল খেলতে হবে।”

India Vs West Indies Team India Abhishek Sharma

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy