প্রায় ২০ বছর ধরে ভারতীয় দলে একসঙ্গে খেলছেন তাঁরা। এক সময়ের দুই জুনিয়র এখন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। তাঁদের নিজেদের সম্পর্ক কেমন? সময়ের সঙ্গে কি তাতে বদল হয়েছে? ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগে বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা।
‘জিয়োহটস্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দু’জনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রোহিত। বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
প্রথম বার ‘রো-কো’ জুটি শুনে প্রতিক্রিয়া
রোহিত ও কোহলিকে একসঙ্গে ‘রো-কো’ নামে ডাকা শুরু করে সম্প্রচারকারী চ্যানেল। সেই নাম জনপ্রিয় হয়। রোহিত জানিয়েছেন, তাঁদেরও খুব মজা লেগেছিল। তিনি বলেন, “আমরা একসঙ্গেই ছিলাম। হয় অস্ট্রেলিয়ায় খেলছিলাম, না হলে সিরিজ় শেষে সবে ভারতে ফিরেছিলাম। তখনই এটা শুরু হয়েছিল। টিভিতে দেখালেই আমরা হাসতাম। মজা লাগত। মানুষ তো এই ধরনের মশলা পছন্দ করে। তাই এটা করা হয়েছিল।”
সম্প্রতি কোহলিও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, “রো-কো শুনতে বেশ মজা লাগে। মানুষ ভালবাসে। যেহেতু আমরা এখন একটাই ফরম্যাট খেলি, তাই সম্প্রচারকারীরা বার বার এই নামটা ব্যবহার করে। বেশ মজা লাগে যখন শুনি, ‘রো-কো এসে গিয়েছে। এ বার প্রতিপক্ষকে শেষ করে দেবে।’”
প্রথম দিনের বন্ধুত্ব আজও অটুট
প্রায় একই সময়ে জাতীয় দলে খেলা শুরু করেছিলেন রোহিত ও কোহলি। সেই সম্পর্ক একই রকম রয়েছে বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, “আমরা প্রায় একই সময়ে শুরু করেছি। আমার অভিষেক হয়েছিল ২০০৭ সালে। কোহলির ২০০৮ সালে। তখন থেকে দলের জন্য নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমাদের খেলার ধরন আলাদা। কিন্তু দু’জনেরই লক্ষ্য এক। প্রথম দিন থেকেই আমাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছিল। আমরা ভাল বন্ধু। সেই বন্ধুত্ব আজও অটুট।”
কোহলির মানসিকতা এখনও একই রকম
প্রথম দিন যে ভাবে ভারতকে জেতানোর জন্য খেলতেন, এখনও সে ভাবেই খেলেন কোহলি। এমনটাই মনে করেন রোহিত। তিনি বলেন, “ও ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে, এই দলের জন্য যা করেছে, তা সকলেই দেখেছে। প্রথম দিন থেকেই ওর মানসিকতা একই রকম। আমি কোনও বদল দেখিনি। এখনও ও নিজেকে তৈরি করে। মাঠে নামে। দলকে জিতিয়ে মাঠ ছাড়তে চায়।”
আরও পড়ুন:
অধিনায়কত্বেও মিল অনেক
দু’জনেই একটা সময় ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন। কোহলির লাল বলের ক্রিকেটে সাফল্য অনেক বেশি। রোহিত সেখানে সাদা বলের ক্রিকেটে বেশি সাফল্য পেয়েছেন। তবে তাঁদের অধিনায়কত্বে অনেক মিল রয়েছে বলেই জানিয়েছেন রোহিত। তিনি বলেন, “ও যখন অধিনায়ক ছিল, তখনও জেতার জন্য নামত। আমিও অধিনায়ক হিসাবে সেটাই করতাম। দু’জনের লক্ষ্য একই ছিল। দু’জনেই আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছি।”
একসঙ্গে ব্যাটিংয়ের সময় কী কথা হত?
দু’জনে একসঙ্গে বহু ম্যাচ ভারতকে জিতিয়েছেন। লম্বা লম্বা ইনিংস খেলেছেন। সেই সময় দু’জনের মধ্যে কী কথা হত? জবাবে রোহিত বলেন, “আমরা আলোচনা করতাম, কার বলে মারব, কার বলে দৌড়ে রান নেব। কখনও আমার পায়ে লাগলে ওকে বলতাম, ভাই সাবধানে দৌড়। আমার পায়ে লেগেছে। কোহলি সেটা বুঝত। এ ভাবেই খেলতাম। বেশ মজা হত।”
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর একসঙ্গে ছোট ফরম্যাটকে বিদায় জানিয়েছেন রোহিত ও কোহলি। টেস্ট থেকেই প্রায় একই সঙ্গে অবসর নিয়েছেন। এখন খেলেন এক দিনের ক্রিকেট। ২০২৭ সালের বিশ্বকাপ খেলে হয়তো এই ফরম্যাটকেও বিদায় জানাবেন তাঁরা। আরও এক বার দেশকে বিশ্বকাপ জিতিয়ে শেষ করার প্রস্তুতি নিচ্ছেন ‘রো-কো’।