ইংল্যান্ডে চুনকাম হয়ে ফেরার পর তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে বোর্ড। এখনও তা শেষ হয়নি। এর মাঝেই নেপালের লিগে খেলার জন্য বোর্ডের থেকে অনুমতি চেয়েছিলেন মহম্মদ রিজ়ওয়ান। বোর্ড সেই অনুমতি দেয়নি। উল্টে নির্দেশ দিয়েছে ঘরোয়া ক্রিকেটে খেলার। তা অবশ্য রিজ়ওয়ানের কাছে স্বস্তির খবরই।
তদন্ত শুরু হওয়ার পর থেকে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারেননি রিজ়ওয়ান। এক রকম নির্বাসিতই হয়ে গিয়েছিলেন। সম্প্রতি নেপালের লিগে খেলতে চেয়ে আবেদন করার পরেই তাঁকে নির্দেশ দেওয়া হয় ঘরোয়া ক্রিকেটে খেলার। তার পরেই সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেড (এসএনজিপিএল) দলের পক্ষ থেকে রিজ়ওয়ানকে নির্দেশ দেওয়া হয় অনুশীলন শুরু করার। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ১ প্রতিযোগিতার শেষ রাউন্ডে খেলবেন রিজ়ওয়ান।
আরও পড়ুন:
-
সপ্তমীর সন্ধ্যায় গোয়ায় চার্চিলকে ৪ গোলে ওড়াল ইস্টবেঙ্গল, জিতে আইএসএল শুরু করলেও গোল নষ্টের রোগ চলছেই
-
ঘূর্ণি পিচে ব্যর্থ বাংলার ব্যাটিং, প্রথম ইনিংস শেষ ১৮৪ রানে, পাল্টা সার্ভিসেসের পাঁচ উইকেট ফেলে ম্যাচে ফিরলেন প্রদীপ্তেরা
-
অখ্যাত স্পিনারের বলে বোকা বনে বোল্ড, রঞ্জি ট্রফিতে দুঃস্বপ্নের প্রত্যাবর্তন শুভমনের, শুরু সমালোচনা
দলের নেতৃত্বও দেবেন পাকিস্তানের উইকেটকিপার। ১৯ অক্টোবর থেকে এসএনজিপিএল-এর ম্যাচ রয়েছে খান রিসার্চ ল্যাবরেটরিজের বিরুদ্ধে। তদন্তের জন্যই রিজ়ওয়ানের ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন পিছিয়ে গিয়েছিল। তবে এ বার আর খেলতে বাধা নেই। যদিও এসএনজিপিএল দলের সঙ্গে আগেই অনুশীলন শুরু করেছিলেন রিজ়ওয়ান। তদন্ত শুরু হওয়ার পর বোর্ডের নির্দেশে তাঁকে ফেরত পাঠিয়ে দেয় দল। সেই বোর্ডই এখন রিজ়ওয়ানকে অনুমতি দিয়েছে ঘরোয়া ক্রিকেটে খেলার।