নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় শুরুর আগে আশা জাগালেন মহম্মদ সিরাজ। ভাল বল করে টেস্ট দলে ঢোকার দাবি জানিয়ে রাখলেন মুকেশ কুমারও। দুই পেসারের ভাল বোলিং সত্ত্বেও নিউ জ়িল্যান্ড ‘এ’-র বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের তৃতীয় দিনের শেষে পিছিয়ে পড়ল ভারত ‘এ’ দল। নিউ জ়িল্যান্ড ‘এ’ এগিয়ে গিয়েছে ৭৮ রানে।
প্রথম ইনিংসে ভারত ‘এ’ তুলেছিল ৩৪৬ রান। জবাবে এক সময় নিউ জ়িল্যান্ড ‘এ’ ৩৩৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ায় তারা। প্রথম ইনিংস শেষ হয় ৪২৪ রানে। শেষ দুই উইকেটে ৮৬ রান তাদের এগিয়ে দেয়।
সিরাজ ৩৫ ওভার বল করে ১১৮ রানে ৪ উইকেট নিয়েছেন। মুকেশ ২৯ ওভারে ৮৭ রানে ৫ উইকেট পেয়েছেন। তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ৩২/০। ক্রিজে যশস্বী জয়সবাল (২০) এবং সাই সুদর্শন (১১)।
এক দিনের সিরিজ় এবং টেস্ট সিরিজ় শুরুর আগে সিরাজের অক্লান্ত পরিশ্রম নিঃসন্দেহে খুশি করবে ভারতের কোচিং স্টাফেদের। বিশেষ করে দ্বিতীয় টেস্ট হবে ক্রাইস্টচার্চেই। সেখানকার পরিবেশ বুঝে নিতে পারলেন সিরাজ। পুরনো বলে তীক্ষ্ণ ছিলেন। নতুন বল ভাল ভাবে কাজে লাগিয়েছেন। তাঁর সতীর্থ পেসার মুকেশ প্রথম এবং দ্বিতীয় নতুন বল ভাল ভাবে কাজে লাগিয়েছেন। তবে বল পুরনো হতেই তাঁর ধার কমেছে।
তৃতীয় দিনের শুরুতেই সিরাজ উইকেট পান। দিনের দ্বিতীয় ওভারে ম্যাথু বয়েলের (১১০) ব্যাট ছুঁয়ে বল জমা পড়ে দেবদত্ত পডিক্কলের হাতে। বয়েল চতুর্থ উইকেটে ডিন ফক্সক্রফ্টের (৯৩) সঙ্গে ২০৮ রান যোগ করেন।
আরও পড়ুন:
ছ’ঘণ্টা ক্রিজে কাটানোর পর ফক্সক্রফ্টের ধৈর্যচ্যুতি ঘটে। শতরানের আগেই সিরাজের ইন-কাটারে ফিরে যান তিনি। ২৭০/৪ থেকে একসময় ২৯১/৭ হয়ে যায় নিউ জ়িল্যান্ড ‘এ’। মুকেশ নতুন বলে নিউ জ়িল্যান্ড ‘এ’-কে ধসিয়ে দেন। তবে চা-বিরতির পর ক্রিস্টিয়ান ক্লার্ক (৪১), ফ্রেজার শিট (৪০), জেডেন লেনক্স (৩২) এবং জ্যারড ম্যাকে (৩৩) নিজেদের ভূমিকা পালন করে নিউ জ়িল্যান্ড ‘এ’-কে লিড এনে দেন। আকাশ দীপ (০/৫৯) সাফল্য পাননি।