প্রথমে গোল করলেন, পরে করালেন। নিউ ইংল্যান্ড রেভলিউশনকে ২-১ গোলে হারাল ইন্টার মায়ামি। একই সঙ্গে তারা পরের বছর কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলা নিশ্চিত করল। পাশাপাশি, মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল মায়ামি। মরসুমের আর একটি ম্যাচ বাকি।
প্রথমার্ধে মায়ামিকে সে ভাবে খেলতেই দেয়নি নিউ ইংল্যান্ড। তারা মোট ছ’টি শট মারে। পাঁচ বার কর্নার পায়। গোলের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল অনেক বার। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ইলায় ফেনগোল্ডের সঙ্গে পাস খেলে নিউ ইংল্যান্ডকে এগিয়ে দেন ড্যানিয়েল গাজডাগ। তার কিছু ক্ষণ পরেই গোল শোধ করে মায়ামি।
৬৯ মিনিটে মেসির ব্যাক হেড থেকে সমতা ফেরান জার্মান বারটেরাম। এর পরেই মায়ামির কোচ ক্রিশ্চিয়ান গঞ্জালেজ আক্রমণের ঝাঁঝ বাড়ানোর লক্ষ্যে লুই সুয়ারেজকে নামিয়ে দেন। কিছু ক্ষণ পরেই বাঁ পায়ে মায়ামির হয়ে জয়সূচক গোলটি করেন মেসি।
আরও পড়ুন:
ম্যাচের পর মেসির প্রশংসা করেন গঞ্জালেজ। বলেন, “ও যে বিশ্বের সেরা সেটা নিয়ে কোনও সন্দেহই নেই। সতীর্থদের সঙ্গে ওর সম্পর্ক তুলনাহীন। এই বয়সে লিয়ো যা করে চলেছে, তাতে আমার মতে সবচেয়ে মূল্যবান ফুটবলারের পুরস্কার এবং বালঁ দ্যর ওরই পাওয়া উচিত। আশা করি পরের বার দুটো পুরস্কারই পাবে।”