কায়রন পোলার্ডকে কোচ করার পর বাকি সাপোর্ট স্টাফদেরও নাম ঘোষণা করে দিল মুম্বই ইন্ডিয়ান্স। সাফল্যের খোঁজে নীতা অম্বানিরা দলের খোলনলচে বদলে ফেলতে চাইছেন। ২০২০ সালের পর আর চ্যাম্পিয়ন হতে পারেনি মুম্বই। বরং গত দু’বছর ধরে নানা বিতর্কেও জড়িয়েছে দল।
গত মরসুম পর্যন্ত পোলার্ড ছিলেন মুম্বইয়ের ব্যাটিং কোচ। ২০১০ সাল থেকে মুম্বইয়ের সঙ্গে যুক্ত পোলার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে মাহেলা জয়বর্ধনেকে সরিয়ে। বদলে ফেলা হল অন্য সাপোর্ট স্টাফদেরও। রোহিত শর্মাদের নতুন ব্যাটিং কোচ হচ্ছেন রবীন উথাপ্পা। বোলিং কোচ করা হয়েছে মিচেল ম্যাকক্লেনাঘানকে। ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ফিল্ডিং কোচ টি দিলীপকে।
উথাপ্পা এবং নিউ জ়িল্যান্ডের ম্যাকক্লেনাঘান দু’জনেই মুম্বইয়ের আইপিএল খেলেছেন। দলের পরিবেশ এবং সংস্কৃতি সম্পর্কে তাঁরা জানেন। প্রধান কোচের মতো সহকারী কোচ নির্বাচনের ক্ষেত্রেও এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন মুম্বই কর্তৃপক্ষ। অন্য দিকে, দিলীপ ফিল্ডিং কোচ হিসেবে সফল এবং অভিজ্ঞ। মুম্বইয়ে রয়েছেন ভারতের হয়ে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার। তাঁদের সঙ্গে দিলীপের সম্পর্ক যথেষ্ট ভাল।
এ ছাড়া বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছেন ধবল কুলকার্নীকে। তাঁকে ডেভেলপমেন্ট বোলিং কোচ করা হয়েছে। দলের তরুণ বোলারদের দায়িত্ব থাকবে তাঁর উপর। বিশেষ করে যে বোলারেরা ১৮ জনের দলে থাকবেন না, তাঁদের দেখভাল করবেন ধবল। প্রয়োজন হলে যাতে পোলার্ড বা ম্যাকক্লেনাঘান অতিরিক্ত বোলারদের আইপিএলে ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন:
কোচিং স্টাফের মতো মুম্বইয়ের অধিনায়ক পরিবর্তন হওয়াও এক রকম নিশ্চিত। হার্দিক পাণ্ড্যকে সম্ভবত দলেই রাখবেন না অম্বানীরা। শোনা যাচ্ছে, অভিজ্ঞ রোহিতকে আবার নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও এ নিয়ে সরকারি ভাবে কিছু জানাননি মুম্বই কর্তৃপক্ষ।