রবিবার ভারতীয় দলে অভিষেক হয়েছে পঞ্জাবের ক্রিকেটার নমন ধীরের। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে ভারতের জার্সি গায়ে খেলতে নেমেছেন তিনি। তার আগে জানালেন, জাতীয় দলে নিজের নাম দেখে বিশ্বাসই করতে পারেননি। অভিষেক হওয়া তো দূরের ব্যাপার।
শের-ই-পঞ্জাব ট্রফিতে খেলছিলেন নমন। একদিন সমাজমাধ্যমে একটি বার্তা পান। বিশেষ পাত্তা দেননি। পরে ভারতীয় বোর্ডের পোস্টে ওয়েস্ট ইন্ডিজ়ের দলে নিজের নাম দেখেন। সেই প্রসঙ্গে বলেছেন, “পোস্টটা খোলার পর নিজের নাম দেখতে পেয়ে ১০ মিনিট বিশ্বাসই করতে পারিনি। অবশেষে ভারতীয় দলে জায়গা পেয়েছি। অবিশ্বাস্য অনুভূতি। প্রথমেই বাবাকে ফোন করেছিলাম। উনি খুব খুশি এবং আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।”
নমন জানিয়েছেন, যে কোনও ক্রিকেটারের কাছেই জাতীয় দলে ডাক পাওয়া স্বপ্নপূরণের মুহূর্ত। তিনি হৃদয় দিয়ে কঠোর পরিশ্রম করার ফল পেয়েছেন বলে জানিয়েছেন। নমনের কথায়, “প্রত্যেকেই ক্রিকেট খেলা শুরু করে এক দিন ভারতের হয়ে খেলবে বলে। অন্তত একটা ম্যাচ সে খেলতে চায়। আমার স্বপ্নপূরণ হয়েছে। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আগের নমন হয়তো খেলা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল। নতুন নমন বলছে, কঠোর পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়।”
আরও পড়ুন:
নমন জানিয়েছেন, পঞ্জাবের হয়ে খুব ছোট থেকে খেলা শুরু করলেও পরে তা ধরে রাখতে পারেননি। ৭-৮ বছর পর আবার তাঁর কাছে সুযোগ চলে আসে। তাঁর কথায়, “আপনি যদি নিজের কাজ এবং পরিশ্রমের ব্যাপারে সৎ থাকেন, তা হলে ১০০ শতাংশ তার ফল পাবেন। আমি পঞ্জাবের হয়ে অনূর্ধ্ব-১৬তে খেলেছি। তার পর ৬-৭ বছর খেলতে পারিনি। হঠাৎ করেই অনূর্ধ্ব-২৫ দলে সুযোগ পাই এবং রান করি। এর পর রঞ্জির দলেও সুযোগ মেলে। তার পর আইপিএল আসে এবং সেখান থেকে আমার যাত্রা শুরু হয়ে। মাঝের ওই ৬-৭ বছর খুব কঠিন ছিল। কিন্তু পরিশ্রমে বিশ্বাস রাখার ফল পেয়েছি।”