টানা তিন ম্যাচ জিতে সিরিজ় নিশ্চিত করার পর কোচ গৌতম গম্ভীর মাটিতে পা রাখার বার্তা দিয়েছিলেন শ্রেয়স আয়ারদের। কিন্তু কাজ হল না। চতুর্থ ম্যাচে নিউ জ়িল্যান্ডের কাছে ৮৭ রানে হেরে গেল ভারত। শুধু তাই নয়, লজ্জা বাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়লেন মিচেল স্যান্টনারেরা।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। অকল্যান্ডের ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগিয়ে নজির গড়ল কিউয়িরা। ৭ উইকেটে ২৫৯ রান তোলে তারা। এর আগে কোনও দল ২০ ওভারের ক্রিকেটে ভারতের বিরুদ্ধে এত রান করতে পারেনি। নিউ জ়িল্যান্ডের ইনিংসের শুরুটা অবশ্য ভাল হয়নি। টিম সেইফার্ট (৩), ফিন অ্যালেন (৩১), ড্যারিল মিচেল (২৪), বেভন জেকবসেরা (৭) প্রয়োজনীয় জুটি গড়ে তুলতে পারেননি। ৪ উইকেট পড়ার পর গ্লেন ফিলিপস এবং মিচেল ব্রেসওয়েল দলের ইনিংসকে ভাল জায়গায় নিয়ে যান। ফিলিপস করেন ৪৯ রানে ১০৭ রান। ৬টি চার এবং ১০টি ছয় মারেন তিনি। ২২ গজের অন্য প্রান্তে ব্রেসওয়েল করেন ২৫ বলে ৬৫। ৪টি চারের পাশাপাশি ৬টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। পঞ্চম উইকেটের জুটিতে তাঁরা তোলেন ১১৫ রান।
ভারতের সফলতম বোলার ময়ঙ্ক যাদব ৪৮ রানে ৩ উইকেট নেন। ভুবনেশ্বর কুমারের পরিবর্তে তাঁকে প্রথম একাদশে নেওয়া হয় শুক্রবার। এ ছাড়া ৩৮ রানে ১ উইকেট অর্শদীপ সিংহের। ৪৩ রানে ১ উইকেট অক্ষর পটেলের। সব ধরনের ট-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে এ দিন ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৪৯ রানে ১ উইকেট প্রিন্স যাদবের। ১ উইকেট নিলেও নীতীশ রেড্ডি ৪ ওভারে দিলেন ৬৪ রান।
বেশ কিছু দিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বোলিং নিয়ে প্রশ্ন উঠছে। বোলারেরা লাইন, লেংথ ঠিক রাখতে পারছেন না। শুক্রবারও পারেনি। সেই সুযোগ কাজে লাগিয়েই নজির গড়ল নিউ জ়িল্যান্ড। এর আগে কোনও দল ভারতের বিরুদ্ধে ২০ ওভারের ক্রিকেটে ২৫৯ রান করতে পারেনি। আগের সর্বোচ্চ রান ছিল ইংল্যান্ডের ২৫৭। গত ১১ জুলাই সাউদম্পটনে ৩ উইকেটে ২৫৭ রান করেছিল হ্যারি ব্রুকের দল।
জয়ের জন্য ২৬০ রান তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই ধারাবাহিক ব্যবধানে উইকেট হারাতে শুরু করে ভারত। প্রথম বলে চার মারার পর দ্বিতীয় বলেই সময়ের ভুলে ক্যাচ আউট হন সঞ্জু স্যামসন (৪)। অভিষেক শর্মা করলেন ১৫ বলে ২৭। চোট সারিয়ে বৈভব সূর্যবংশীর জায়গায় প্রথম একাদশে ফেরা ঈশান কিশনও (০) ব্যর্থ। আগের ম্যাচে আগ্রাসী ৪৫ রানের ইনিংস খেলার পরও বৈভবকে ছেঁটে ফেলার ক্রিকেটীয় যুক্তি নেই। অধিনায়ক শ্রেয়সের (২২) খারাপ ফর্ম চলছেই। অক্ষর পটেল (৭), নীতীশও (২১) পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারেননি। শেষ দিকে কিছুটা লড়াই করেন তিলক বর্মা এবং নমন ধীর। কিন্তু ততক্ষণে ম্যাচ ভারতের হাতের বাইরে চলে গিয়েছে। নমন করলেন ১৩ বলে ২৮। ২টি চার এবং ২টি ছয় মারলেন তিনি। তিলক ৩৫ বলে ৩৫। ১টি চার, ৩টি ছক্কা এল তিলকের ব্যাট থেকে। প্রিন্স করলেন ১৭ বলে অপরাজিত ১৮। ভারতের ইনিংস শেষ হল ৯ উইকেটে ১৭২ রানে।
আরও পড়ুন:
নিউ জ়িল্যান্ডের সফলতম বোলার জেকব ডাফি ২৩ রানে ৪ উইকেট নিলেন। ২৪ রানে ২ উইকেট স্যান্টনারের। ৪০ রানে ২ উইকেট ম্যাথু ফিশারের। এ ছাড়া ৩৫ রানে ১ উইকেট অ্যাডাম মিলনের।