সমস্যা বাড়ল অভিষেক পোড়েলের। জামিন পেলেন না বাংলা ও আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ক্রিকেটার। এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে হুগলির মগরা থানার পুলিশ। মঙ্গলবারই তাঁকে পেশ করা হয় চুঁচুড়া আদালতে। সেখানে জামিনের আবেদন খারিজ হয়ে গেল তাঁর।
চুঁচুড়া আদালতের সিজেএম কোর্টে অভিষেককে পেশ করে পুলিশ। অভিষেকের বিরুদ্ধে ৬৯, ৩১১, ৩১৮, ৬৬/৭২ আইটি ও বিএনএস-এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। কিন্তু তাতে লাভ হয়নি। অভিষেকের জামিনের আবেদন খারিজ করে তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
এই প্রসঙ্গে হুগলি জেলা মুখ্য আইনজীবী শিবাজী দাস বলেন, “অভিযোগ খুবই গুরুতর। একজন খেলোয়াড়ের বিরুদ্ধে এ রকম অভিযোগ এসেছে যে, তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছুকাল সময় কাটিয়েছেন। বিদেশযাত্রাও করেছেন। পুলিশ তদন্ত করছে। প্রকৃত সত্য সকলের সামনে আসবে।” তিনি জানান, অভিষেকের বিরুদ্ধে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। ম্যাজিস্ট্রেট তিন দিনের পুলিশি হেফাজত দিয়েছেন। এই সময়ের মধ্যে পুলিশ তদন্ত করে তিন দিন পর আবার অভিষেককে সিজেএম আদালতে পেশ করবে।
অভিষেকের দাদা ক্রিকেটার ঈশান পোড়েল চুঁচুড়া আদালতে এসেছিলেন। অভিষেকের বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি জানান, বিচারাধীন বিষয়, তাই কিছু বলবেন না। অভিষেকের বাবাও এই ব্যাপারে মন্তব্য করতে চাননি। অভিষেকের কয়েক জন বন্ধুও উপস্থিত ছিলেন আদালত চত্বরে। কিন্তু তাঁরাও মুখ খুলতে চাননি।
হুগলির মগরা থানায় গত ২৩ জুন অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্নাটকের এক তরুণী ডাক্তারি পড়ুয়া। তরুণীর অভিযোগ, তাঁর সঙ্গে অভিষেকের সাড়ে তিন বছর সম্পর্ক ছিল। তাঁরা ঠিক করেছিলেন, বিয়ে করবেন। একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তাঁরা। কিন্তু বছর দেড়েক আগে তাঁদের মধ্যে সমস্যা হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছিল। কিন্তু সেই সময়ে অভিযোগ দায়ের হয়নি। এ বার অভিযোগ দায়ের করেন তরুণী।
যদিও সেই সময় তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছিলেন অভিষেক। বেঙ্গালুরু থেকে ফোনে তিনি আনন্দবাজার ডট কম-কে বলেছিলেন, “এখন আমি ভাল খেলছি, তাই এমন নানা কথা উঠে আসছে।”
আরও পড়ুন:
অভিযোগ দায়েরের পর বেশ কিছু দিন কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় ওই তরুণী কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাই কোর্টের বিচারপতি নির্দেশ দেন, অভিষেককে গ্রেফতার করতে হবে। তার পরেই পদক্ষেপ করেছে পুলিশ।
গত বারেই আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে সুযোগ পেয়েছিলেন অভিষেক। বাংলার হয়ে ধারাবাহিক ভাবে রান করে আইপিএলে জায়গা করে নেন। ঋষভ পন্থের অভাব ঢাকার জন্য তাঁকে রাখা হয়েছিল দলে। কিন্তু সে বার মাত্র চারটি ম্যাচে খেলানো হয়েছিল। সে ভাবে রানও করতে পারেননি। তাতে যদিও দিল্লি তাঁকে ছেঁটে ফেলেনি। তরুণ উইকেটরক্ষকের উপর ভরসা রাখা হয়েছিল আরও একটি মরসুম। নিরাশ করেননি অভিষেক। এ বারের আইপিএলে রান আসে তাঁর ব্যাট থেকে।