নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ঋষভ পন্থের ফিটনেস নিয়ে ভারতীয় দল অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এর মধ্যেই গৌতম গম্ভীর, শুভমন গিলদের স্বস্তি দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্স (সিওই) প্রসিদ্ধকে ফিট ঘোষণা করেছে।
মাঠের নামার জন্য প্রস্তুত প্রসিদ্ধ। বুধবারের মধ্যেই তাঁকে নিউ জ়িল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে। ভারত ‘এ’ দলের হয়ে নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে ৭ নভেম্বর থেকে তৃতীয় বেসরকারি টেস্টে খেলবেন কর্নাটকের জোরে বোলার। ফলে টেস্ট সিরিজ় শুরুর আগে নিউ জ়িল্যান্ডের পিচ এবং আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি। প্রসিদ্ধ ফিট হয়ে যাওয়ায় টেস্ট সিরিজ়ে পুরো শক্তির জোরে বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামতে পারবে ভারত।
চোট সারানোর জন্য সিওইতে বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন প্রসিদ্ধ। গত ১ এবং ২ নভেম্বর তাঁর সিমুলেশন হয়। দু’টি ম্যাচ খেলিয়ে দেখে নেওয়া হয়, তিনি ধকল নিতে পারছেন কিনা। এর পর সব কিছু খতিয়ে দেখে প্রসিদ্ধকে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার ছাড়পত্র দিয়েছেন বোর্ডের চিকিৎসকেরা। প্রসিদ্ধকে প্রথম তিনটি এক দিনের ম্যাচের দলেও রাখা হয়। কিন্তু চোটের জন্য পরে বাদ দেওয়া হয়। ফিট হয়ে গেলেও টেস্ট সিরিজ়ের আগে সতর্কতা হিসেবে তাঁকে এক দিনের সিরিজ়ে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন গৌতম গম্ভীর, শুভমন গিলেরা।
আরও পড়ুন:
গত ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। চোট ঠিক না হওয়ায় গত ৩০ অক্টোবর তাঁকে এক দিনের দল থেকে সরিয়ে নেয় বিসিসিআই।