শেষ বার ২০১৭-য় কোনও আইসিসি ট্রফি জিতেছিল পাকিস্তান। ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। পরের বছর এক দিনের বিশ্বকাপ পাকিস্তান জিততে পারে। এমনটাই মনে করেন ফখর জ়মান। ট্রফি খরা কাটানোর জন্য যে ক্রিকেটারদের উপরে চাপ রয়েছে সেটাও স্বীকার করে নিয়েছেন তিনি।
ফখর জানিয়েছেন, বিশ্বকাপ জেতার জন্য নিজেদের মধ্যে বৈঠক করেছেন তাঁরা। পাকিস্তানের ব্যাটারের কথায়, “আইসিসি ট্রফি জেতার জন্য আমাদের উপরে চাপ রয়েছে। বড় আন্তর্জাতিক ট্রফির খরা কাটানোর ব্যাপারে আমরা নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি।”
ফখর মেনে নিয়েছেন, দীর্ঘ দিনের ট্রফি খরার কারণে সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে এটাও জানিয়েছেন, এখনকার ক্রিকেটারদের মধ্যে পারফরম্যান্সের উন্নতি করার ইচ্ছে রয়েছে।
পাক ওপেনার বলেছেন, “দীর্ঘ দিন আইসিসি ট্রফি না জেতার কারণে লোকে যে হতাশ হবে এটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে, ভাল খেললে সমর্থকদের ভালবাসা এবং সমীহ পাই। তবে সেমিফাইনাল বা ফাইনালে ওঠার চেয়ে ট্রফি জিতলে গোটা দেশ যে ভাবে উদ্বেল হয়ে ওঠে, তা পুরো আলাদা অনুভূতির।”
আরও পড়ুন:
ফখরের সংযোজন, “আমরা বিশ্বকাপ খুব গুরুত্ব দিয়ে দেখছি। নিজেদের সেরাটা দেব। আশা করি ট্রফি আবার পাকিস্তানে ফেরত আনতে পারব।”
ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় এক দিনের সিরিজ় খেলতে চলেছে পাকিস্তান। ফখরের মতে, বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, “বিশ্বকাপে দল গঠনের প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে হবে। সবচেয়ে ভাল ব্যাপার, বেশির ভাগ ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেট খেলে ত্রিদেশীয় সিরিজ় খেলতে নামছে।”