নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে ‘অপারেশন সফেদ সাগর’ ওয়েবসিরিজ়। ১৯৯৯-এ কার্গিল যুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনার সাহসিকতার নিদর্শন তুলে ধরা হয়েছে সিরিজ়ে। সেই সিরিজ় দেখলেন সচিন তেন্ডুলকর। এর পরেই তিনি বায়ুসেনার সাহসিকতার প্রশংসা করেছেন।
সচিন লিখেছেন, “সবে অপারেশন সফেদ সাগর দেখলাম। ভেবে দেখলাম, আমাদের জীবন ওই সেনাদের থেকে কতটা আলাদা। আমরা যখন শান্তিতে ঘুমোই এবং রোজকার কাজকর্ম স্বাভাবিক ভাবে করতে থাকি, তখন ওঁরা কতটা চাপ এবং অনিশ্চয়তার মধ্যে থেকে কাজ করেন।”
ওয়েবসিরিজ়ে স্কোয়াড্রন লিডার অজয় আহুজা এবং এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়ার বুদ্ধি এবং সাহসিকতার উল্লেখ রয়েছে। তা মনে করিয়ে সচিন লিখেছেন, “অনেক বছর আগে এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়ার সঙ্গে আলাপ হয়েছিল। অপারেশন সফেদ সাগর দেখার পর বুঝতে পেরেছি তিনি এবং বাকি সেনারা কার্গিলে কেমন কঠিন সময় কাটিয়েছেন। অনেক বছর আগের সেই আলাপের দিনের কথা মনে পড়লে মনটা শ্রদ্ধায় ভরে যাচ্ছে। অসাধারণ সাহস দেখিয়েছেন। ততটাই ছিল শৃঙ্খলা এবং মানসিক শক্তি।”
আরও পড়ুন:
-
গম্ভীর, আগরকর, লক্ষ্মণকে তলব বোর্ডের, তিন মহারথীকে ডেকে ব্যর্থতার কারণ জানতে চাইবেন মনহাসেরা
-
আইনজীবী নিয়ে তদন্ত কমিটির সামনে যাবেন চোটের নাটক করা ইমাম, পাক ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন কর্তার
-
বুমরাহ, হার্দিকদের নিয়ে বার বার মুখ পুড়েছে, ফিটনেস নিয়ে এ বার কড়া বোর্ড, বদলানো হচ্ছে দল নির্বাচনের পদ্ধতি
২০১০-এর ৩ সেপ্টেম্বর ভারতের বায়ুসেনার তরফে সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেনের পদ দেওয়া হয়েছিল সচিনকে। সে প্রসঙ্গে ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, “ভারতের বায়ুসেনার সঙ্গে জড়িত থাকতে পেরে আমি ভাগ্যবান। তাই ওদের মূল্যবোধের কথা আমরা জানি। এই কাহিনি দেখার পর আরও বেশি কৃতজ্ঞ ওদের কাছে। যা করেন তার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ।”