Advertisement
E-Paper

কেন পার পেয়ে গেলেন যশস্বী? প্রশ্ন তুললেন মঞ্জরেকর, পুজারা! আইসিসি-র কাছে কড়া শাস্তির দাবি

দ্বিতীয় টেস্টে আউট হওয়ার পর শ্রীলঙ্কার বোলার অসিতা ফার্নান্ডোকে হেলমেট দিয়ে গুঁতো মেরেছিলেন যশস্বী জয়সবাল। তাঁকে ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। যশস্বীর এই কম শাস্তিতে খুশি নন সঞ্জয় মঞ্জরেকর ও চেতেশ্বর পুজারা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৩:৩৮
cricket

যশস্বীর (বাঁ দিকে) সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেটারদের ঝামেলার মুহূর্ত। — ফাইল চিত্র।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে আউট হওয়ার পর শ্রীলঙ্কার বোলার অসিতা ফার্নান্ডোকে হেলমেট গিয়ে গুঁতো মেরেছিলেন যশস্বী জয়সবাল। তার পরেও তাঁকে মাত্র ২৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। যশস্বীর এই কম শাস্তিতে খুশি নন সঞ্জয় মঞ্জরেকর। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের দাবি, আরও কড়া শাস্তি দেওয়া উচিত ছিল আইসিসি-র। আর এক প্রাক্তনী চেতেশ্বর পুজারা জানিয়েছেন, এ ধরনের ঘটনা ক্রিকেটের পক্ষে ভাল উদাহরণ নয়।

বুধবার সমাজমাধ্যমে একটি পোস্টে মঞ্জরেকর লেখেন, “প্রিয় আইসিসি এবং বিসিসিআই, ভারত এ-র হয়ে বৈভব এবং এখন জয়সবাল। যদি এ ধরনের আচরণকে এত সহজে ছাড় দিয়ে দেন, তা হলে আপনারাই এ ধরনের আচরণ আবার হওয়ার ব্যাপারে ওদের প্রশিক্ষণ দিচ্ছেন। খেলার জন্য এবং গুরুত্বপূর্ণ ভাবে, ওদের ভবিষ্যতের জন্য এটা মোটেই ভাল নয়।”

মঞ্জরেকর উল্লেখ করেছেন বৈভব সূর্যবংশীর কথাও। মাস দুয়েক আগে শ্রীলঙ্কা এ-র বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে আউট হওয়ার পর বৈভব বিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিল। হাতাহাতির উপক্রম হয়। ওই ঘটনায় বৈভবের ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়।

যশস্বীর কম শাস্তি মেনে নিতে পারছেন না পুজারাও। ম্যাচ বিশ্লেষণের সময় তিনি বলেন, “খুব ভাল দৃশ্য ছিল না। ক্রিকেটার হিসাবে আবেগ নিয়ন্ত্রণ শিখতে হবে। রাগ হতেই পারে। আমি জানি ও সেই সময় আউট হয়ে হতাশ ছিল। বিপক্ষের সঙ্গে কথাবার্তার বলার সময়েও রাগ দেখানো গ্রহণযোগ্য। তবে মাঠে একে অপরের দিকে গিয়ে এগিয়ে যাওয়া, শারীরিক সংঘর্ষ কোনও ভাবেই কাম্য নয়।”

উল্লেখ্য, গত সোমবার ভারতের ইনিংসের ১৭তম ওভারের শেষ বলে ফার্নান্ডোর বলে আউট হন যশস্বী। ভারতীয় ব্যাটার বোল্ড হওয়ায় উচ্ছ্বাসে মেতে ওঠেন ফার্নান্ডো-সহ শ্রীলঙ্কার ক্রিকেটারেরা। সে সময় ফার্নান্ডোকে উত্তেজিত ভাবে কিছু বলতে দেখা যায়। আউট হয়ে তাঁদের পাশ দিয়েই সাজঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন যশস্বী। হঠাৎ করেই ফার্নান্ডোর কোনও মন্তব্য বা আচরণে মেজাজ হারান। পিছন ঘুরে শ্রীলঙ্কার বোলারের দিকে এগিয়ে যান ভারতীয় ওপেনার। তার পর দু’জনকে উত্তেজিত ভাবে কথা বলতে দেখা গিয়েছে। এ সময়ই দেখা যায় যশস্বী মাথা দিয়ে গুঁতো দিচ্ছেন ফার্নান্ডোকে। তবে উত্তেজনা বেশি দূর গড়ায়নি। শ্রীলঙ্কার বাকি ক্রিকেটারেরা পরিস্থিতি সামাল দেন।

Yashasvi Jaiswal Sanjay Manjrekar Cheteshwar Pujara India vs Sri Lanka

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy