Advertisement
E-Paper

বিরতিতে রোনাল্ডোকে তুলে নিতেই ম্যাচে ফিরল ১০ জনে খেলা আল নাসের, দু’গোলে পিছিয়ে পড়েও জয়

সৌদি প্রো লিগে প্রত্যাবর্তন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরের। বিরতিতে ০-২ পিছিয়ে থেকেও আল ইত্তিফাককে হারাল ৩-২ গোলে। বিরতিতে রোনাল্ডোকে তুলে নেওয়া সত্ত্বেও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৩:০৫
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।

সৌদি প্রো লিগে দুর্দান্ত প্রত্যাবর্তন দেখা গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের। বিরতিতে ০-২ পিছিয়ে থেকেও তারা আল ইত্তিফাককে হারাল ৩-২ গোলে। তা-ও ১২ মিনিটে দশ জনে হয়ে যাওয়া এবং বিরতিতে রোনাল্ডোকে তুলে নেওয়া সত্ত্বেও। জোড়া গোল সাদিয়ো মানের।

আল নাসের শুরুটা ভালই করেছিল। কিন্তু ১২ মিনিটেই ধাক্কা খায় তারা। বিপক্ষের মুসা দেম্বেলেকে আটকাতে পেনাল্টি বক্সে তাঁকে ফাউল করেন গোলকিপার বেন্তো। রেফারি সরাসরি লাল কার্ড দেখান। বাধ্য হয়ে আক্রমণ ভাগের এক খেলোয়াড় তুলে নিয়ে বিকল্প গোলকিপার নামাতে বাধ্য হন আল নাসের কোচ।

সেখান থেকেই বিপদ শুরু হয় নাসেরের। বিপক্ষের এক জন ফুটবলার কম থাকায় চাপ বাড়ায় আল ইত্তিফাক। ৩১ মিনিটে গোল করেন ওন্দ্রেজ ডুডা। সংযুক্তি সময়ের তৃতীয় মিনিটে ইয়াসের আল-শামারির পাস পেয়ে গোল করেন আলভারো মেদরান।

দল যাতে আর না গোল খায় তাই বিরতির পর রোনাল্ডোকে তুলে এক ডিফেন্ডারকে নামিয়ে দিয়েছিলেন আল নাসের কোচ অ্যাঞ্জ পোস্তেকোগ্লু। ফলে গোল করার ভার ছিল জোয়াও ফেলিক্স এবং মানের উপর। দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় আল নাসের। ৫৩ মিনিটে ইনিগো মার্তিনেজের শট পোস্টে লাগে। ৭৪ মিনিটে ফেলিক্সের পাস থেকে গোল করেন মানে।

দ্বিতীয় গোলেও অ্যাসিস্ট ফেলিক্সের। তাঁর কর্নার থেকে হেডে গোল করেন আবদুলেলা আল-আমরি। তিন মিনিটে দু’টি গোল করে সমতা ফেরায় আল নাসের। তখনও শেষ হয়নি তাদের ফিরে আসা। ৯০ মিনিটে সামি আল-নাজেইয়ের পাস পেয়ে নিখুঁত শটে গোল করেন মানে।

Cristiano Ronaldo Al Nassr Saudi Pro League

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy