Advertisement
E-Paper

পাঁচ দিন পরেই শুরু নিউ জ়িল্যান্ড সিরিজ়, সূচি নিয়ে খুশি নন সঞ্জু, বিশ্বকাপের পর আরও আত্মবিশ্বাসী হয়েছেন ভারতের ওপেনার

শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলছে ভারত। পাঁচ দিন পরেই নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে। মাঝের এই কম সময়ে ঠিক করে প্রস্তুতিই হবে না বলে মনে করেন সঞ্জু স্যামসন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ২৩:১৩
cricket

সঞ্জু স্যামসন। ছবি: পিটিআই।

শনিবার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। পাঁচ দিন পরেই পৃথিবীর অন্য গোলার্ধে গিয়ে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে। মাঝের এই কম সময়ে ঠিক করে প্রস্তুতিই হবে না বলে মনে করেন সঞ্জু স্যামসন। কাউকে দোষারোপ না করেও সূচিকেই দায়ী করেছেন তিনি। ভারতের ওপেনার স্বীকার করেছেন, বিশ্বকাপের পর আরও আত্মবিশ্বাসী হয়েছেন তিনি।

বেঙ্গালুরুতে বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকার সময় যুজবেন্দ্র চহলকে সাক্ষাৎকার দেন সঞ্জু। সেখানেই নিউ জ়িল্যান্ড সিরিজ় প্রসঙ্গে বলেন, “সত্যি বলতে, এখনকার দিনে যে ভাবে সূচি তৈরি হয় তাতে প্রস্তুতি বা অনুশীলনের বিশেষ সুযোগ থাকে না। তখনই অভিজ্ঞতা কাজে লাগাতে হয়। মানসিক ভাবে ভাল জায়গায় থেকে হাতের সামনে যেটা পাচ্ছি সেটাই কাজে লাগাতে হয়।”

সঞ্জুর সংযোজন, “আমরা মাঝে মাত্র এক দিন অনুশীলন করতে পারব। ওখানে পৌঁছবে ২০ তারিখ। অনুশীলন ২১ তারিখ। তার পরের দিনেই ম্যাচ। তাই এখানে যে যে ভাল কাজ করেছি সেটাই ওখানেও করার চেষ্টা করব। ওখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এমনিতেই কম সময় লাগে। দু’-তিনটে বল কেলতে হবে। অভিজ্ঞতা এবং পরিস্থিতির কথা মাথায় রেখে যেটা দরকার সেটাই করব।”

বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হয়েছিলেন সঞ্জু। সেমিফাইনাল এবং ফাইনালে ম্যাচের সেরাও হয়েছিলেন। সেই ইনিংস তাঁকে আত্মবিশ্বাসী করে তুলেছে বলে মনে করেন ভারতের ওপেনার। সঞ্জুর কথায়, “নিশ্চিত ভাবে আত্মবিশ্বাসী হয়েছি। নিজের খেলার ধরন বুঝতে পেরেছিল নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে, বাইরে আওয়াজে পাত্তা না দিয়ে, নিজের জন্য সেরা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছি। মাঠে নেমে ভাল খেলতে চেয়েছি। কখনও রান পাব, কখনও পাব না। সেটা আমি জানি। তাই মাটিতে পা রেখে ভয়ডরহীন ক্রিকেট খেলার দিকে জোর দিয়েছি।”

Sanju Samson India Vs New Zealand T20 Series

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy