ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু রবিবার। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। শুক্রবার ভারতের অনুশীলনে চোট পেলেন শুভমন গিল। মহম্মদ সিরাজের লাফিয়ে ওঠা একটি বলে কনুইয়ে আঘাত পান তিনি। তবে পাশাপাশি নেটে স্বচ্ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে।
এ দিন নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন শুভমন। বল করছিলেন সিরাজ। আচমকাই একটি বল লাফিয়ে উঠে শুভমনের কনুইয়ে লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। ছুটে আসেন ফিজিয়োরা। অন্তত ২০ মিনিট শুশ্রূষা চলে ভারতের অধিনায়কের। এর পর তিনি নেটে ফেরেন। কিন্তু বোলারদের সামনে আসেননি। থ্রোডাউন নিয়েছেন কিছুক্ষণ।
তার আগে কোহলি এবং রোহিতকে একসঙ্গে অনুশীলন করতে দেখা যায়। প্রায় ২০ মিনিটে ধরে নাগাড়ে ব্যাট করেন তাঁরা। দলের বিভিন্ন বোলার এবং স্থানীয় বোলারদের বিরুদ্ধে খেলেন। দু’জনকেই বেশ স্বস্তিতে দেখিয়েছে। নিজেদের মধ্যে হাসিমশকরাও করেছেন তাঁরা।
বোলিং কোচ মর্নি মর্কেল এ দিন জানিয়েছেন, সাজঘরে ক্রিকেটারদের মধ্যে যে ভাবে কথাবার্তা এবং খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাতে মুগ্ধ তিনি। মর্কেলের কথায়, “আমার মতে, অধিনায়ক হিসেবে শুভমন এখনও পর্যন্ত দুর্দান্ত কাজ করেছে। তবে আমি সব সময় সিনিয়র ক্রিকেটারদের অগ্রাধিকার দিই। দেখি যে ওরা কী করে দলটাকে সংগঠিত রাখে। এটুকু বলতে পারি, এই দলের কোনও জুনিয়র ক্রিকেটার স্বচ্ছন্দে গিয়ে সিনিয়রদের সঙ্গে মন খুলে কথা বলতে পারে।”
মর্কেলের সংযোজন, “আমরা ভাগ্যবান, এই দলের মধ্যে অনেক কথাবার্তা, আলোচনা হয়। দলের জন্য এটা খুব ভাল। সিনিয়রদের অভিজ্ঞতা আমাদের অনেক কাজে লাগবে।”
বোলিং কোচ জানিয়েছেন, দল পরিচালন সমিতির তরফে সেই সুযোগও করে দেওয়া হয় যাতে তরুণ ক্রিকেটারেরা গিয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলতে পারেন। তিনি বলেছেন, “আমরা তরুণদের উদ্বুদ্ধ করি যাতে ওরা সিনিয়রদের সঙ্গে কথা বলে। দলের বৈঠকে প্রচুর প্রশ্ন করি সিনিয়র ক্রিকেটারদের, যাতে ওরা নিজেদের অভিজ্ঞতার কথা বলতে পারে। তবু এখনও কেউ কেউ ভয় পায়। কিন্তু সুযোগ তৈরির চেষ্টা চলতেই থাকে।”
আরও পড়ুন:
-
বিশ্বকাপ খেলে আসা পানামার বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া ভারতের, সুযোগ নষ্টের খেসারত দিয়ে অঘটন ঘটাতে পারলেন না মনবীরেরা
-
মহালয়ায় ইডেনে দেড় ঘণ্টা মোদী-শুভেন্দু, খোলা গাড়িতে পরিক্রমা! থাকছেন পাঁচ হাজার ঢাকি, লগ্নজিতা, কৌশিকী, দোহার
-
চেন্নাইয়ের দায়িত্ব নিয়েই জ়াহিরের মুখে ধোনির কথা, ফ্লেমিংয়ের জুতোয় পা গলানো সহজ নয়, মেনে নিলেন রুতুরাজদের কোচ
এ দিকে, ম্যাচের দু’দিন আগে অনুশীলনই করল না ওয়েস্ট ইন্ডিজ়। এমনিতেই তাদের ক্রিকেট বোর্ডে আবার সমস্যা হয়েছে। সম্প্রতি বোর্ডের তরফে জানানো হয়েছে, ধরে রাখা ক্রিকেটারদের বেতন ২৫ শতাংশ কমানো হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটারদের চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হবে। কিন্তু ঘরোয়া ক্রিকেটারদের চুক্তি কমিয়ে সাত মাস করা হয়েছে। এতে ক্ষোভ জমেছে কিছু ক্রিকেটারের মনে।