Advertisement
E-Paper

টি-টোয়েন্টি সিরিজ়ে সুযোগই পেলেন না বরুণ, কুলদীপ, দুই স্পিনারকে বসিয়ে রাখার কারণ জানালেন ভারতের স্পিন বোলিং কোচ

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে কোনও ম্যাচেই সুযোগ দেওয়া হয়নি বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবকে। কেন দু’জনকে খেলানো হল না তার কারণ স্পষ্ট করেছেন স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৬ ২১:৫৪
cricket

অনুশীলনে বরুণ চক্রবর্তী। ছবি: সমাজমাধ্যম।

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে একাধিক বার দল বদল করেছে ভারত। তবে কোনও ম্যাচেই সুযোগ দেওয়া হয়নি বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবকে। ভারতের দুই স্পিনার চারটি ম্যাচেই রিজার্ভ বেঞ্চে বসে কাটিয়েছেন। কেন দু’জনকে খেলানো হল না তার কারণ স্পষ্ট করেছেন স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে। তাঁর দাবি, দলের কম্বিনেশনের কারণেই সুযোগ পাননি দু’জন।

নিউ জ়িল্যান্ডে সাধারণত বাউন্সি পিচ হয়। সেখানে স্পিনারদের খুব একটা গুরুত্ব থাকে না। ভারত প্রতিটি ম্যাচেই খেলিয়েছে অক্ষর পটেলকে। বাড়তি স্পিনার হিসাবে বল করেছেন নমন ধীর।

এ দিন বাহুতুলে বলেন, “ওরা খেলার জন্য তৈরি। কিন্তু দলের কম্বিনেশনের জন্য সুযোগ পাচ্ছে না। ওরা সে ভাবে সুযোগ যে পাবে না এটা বুঝে নিতে হবে। ওরা সেটা জানে। তবে নেপথ্যে কঠোর পরিশ্রম করে যেতে হয়। যখনই দরকার হবে, ওরা খেলার জন্য তৈরি।” পঞ্চম ম্যাচেও দু’জনের সুযোগ পাওয়ার কোনও সম্ভাবনা দেখছেন না বাহুতুলে। কুলদীপ ভারতের এক দিনের দলে থাকলেও বরুণ নেই।

স্পিনার হিসাবে অক্ষরই যে তাঁদের কাছে সেরা বিকল্প এটা পরিষ্কার করে দিয়েছেন বাহুতুলে। তাঁর ব্যাখ্যা, স্পিনারদের আগ্রাসী বোলিংয়ের জন্য উৎসাহিত করা হলেও, দরকারের সময় রক্ষণাত্মক বোলিংয়ের কথাও বলা হয়। পুরোটাই নির্ভর করে পরিস্থিতির উপরে। পাওয়ার প্লে-তে অক্ষর পটেলের বল করার দক্ষতা তাঁকে এগিয়ে রাখছে বলে মনে করেন বাহুতুলে।

তাঁর কথায়, “ম্যাচের মধ্যে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হতে পারে। অক্ষর পাওয়ার প্লে-তে বল করে। পাশাপাশি যে কোনও সময় বল করতে পারে। ও এ ব্যাপারে দক্ষ। কুলদীপও যে কোনও সময় বল করতে পারে। একই রকম পরিস্থিতিতে দু’জনে দু’রকম অবদান রাখতে পারে। তবে কম্বিনেশনই দলের কাছে আসল।”

বাহুতুলে জনিয়েছেন, অভিষেক শর্মাও স্পিন বোলিং রপ্ত করছেন। তবে ম্যাচে তাঁকে ব্যবহার করা হবে কি না তা নির্ভর করছে কোচ এবং অধিনায়কের উপরে।

India Vs New Zealand Varun Chakravarthy Kuldeep Yadav Sairaj Bahutule

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy