আইএসএল শুরু হওয়ার পর থেকে ইউটিউব এবং সোনিলিভ অ্যাপে ম্যাচ দেখা গেলেও টিভিতে খেলা দেখা যাচ্ছিল না। তা নিয়ে অসন্তোষ বাড়ছিল এক শ্রেণির সমর্থকদের মধ্যে। অবশেষে শুক্রবার ভাল খবর দিল আয়োজকেরা। শুক্রবার থেকেই আইএসএলের সম্প্রচার হচ্ছে টিভিতে। এ দিনই দ্বিতীয় ডিভিশনের ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল) সম্প্রচারের বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার আইএসএলের আয়োজকেরা একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, এ দিন নর্থইস্ট ইউনাইটেড বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ দিয়ে টিভিতে আইএসএলের সম্প্রচার শুরু হচ্ছে। অর্থাৎ শুক্রবারের পর থেকে প্রতিটি ম্যাচই টিভিতে দেখা যাবে।
এ দিন থেকেই শুরু হয়েছে আইএফএল। সেই প্রতিযোগিতা টিভিতে দেখানো হবে ডিডি স্পোর্টসে। সব ম্যাচই সেই চ্যানেলে দেখানো হবে। পাশাপাশি বাছাই করা কিছু ম্যাচ দেখানো হবে জ়ি স্পোর্টসের চ্যানেল ইউনাইট৮ স্পোর্টসে। আইএফএল সম্প্রচারের সঙ্গে প্রসার ভারতী এবং জ়ি স্পোর্টসের সঙ্গে চু্ক্তি করেছে ফেডারেশন।
অ্যাপেও আইএফএল-এর ম্যাচ দেখার ব্যবস্থা থাকছে। সব ম্যাচ দেখা যাবে জ়ি৫ অ্যাপ এবং প্রসার ভারতীর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ‘ওয়েভস’-এ। পাশাপাশি, ইউনাইট৮ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে প্রতিটি ম্যাচের সরাসরি সম্প্রচার বিনামূল্যে দেখা যাবে।
আইএসএল শুরু হয়েছিল গত ১০ অক্টোবর। সে দিন কোনও ম্যাচই টিভিতে দেখা যায়নি। পর দিন ইএসএলের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, এই মুহূর্তে ইউটিউব এবং সোনি লিভ অ্যাপে ম্যাচ দেখা যাচ্ছে। টেলিভিশনে যাতে দ্রুত ম্যাচ দেখানো যায়, তার চেষ্টা চলছিল। সমর্থকদের ধৈর্য ধরতে বলা হয়েছিল।
আরও পড়ুন:
-
এক জন মাত্র ৩০ পেরিয়েছেন, তবু ব্যাটারদের নিয়ে কোনও কথা নেই শ্রেয়সের! চতুর্থ টি২০-তে হারের দায় চাপালেন বোলারদের ঘাড়ে
-
পাকিস্তানের কাছে হার ভারতের, এক ওভারে ৩১ রান দিলেন ক্রুণাল, হংকংয়ের প্রতিযোগিতায় শুরুতেই হোঁচট
-
আবার মুম্বইয়ের অধিনায়ক হচ্ছেন রোহিত! হার্দিকে মোহভঙ্গ পাঁচ বারের ট্রফি জয়ীদের, অনিচ্ছুক হয়েও রাজি হলেন প্রাক্তন নেতা
জানা গিয়েছিল, আইএসএল টিভিতে দেখানোর জন্য বেশ কিছু সংস্থার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন আয়োজকেরা। কখনও জ়ি স্পোর্টস, কখনও জিয়োস্টারের সঙ্গে কথাবার্তা হয়েছিল। তবে একদম শেষ মুহূর্তে চুক্তি হয়েছিল সোনি স্পোর্টস নেটওয়ার্কের সঙ্গে।
টিভিতে কোনও কিছু সম্প্রচারের জন্য কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অনুমতি লাগে। সেই অনুমতি পাওয়া যাচ্ছিল না। তাই ম্যাচ দেখা যাচ্ছিল না। সাধারণত ২-৩ দিনের মধ্যে অনুমতি পাওয়া যায়। তবে বিভিন্ন কারণে এ বার অনুমতি পেতে দেরি হয়েছে।