কোরিয়া মাস্টার্স সুপার ৩০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অব্যাহত ভারতের ২৬ বছরের খেলোয়াড় অস্মিতা চালিহার দাপট। শনিবার মহিলাদের সিঙ্গলসে শেষ চারে মাত্র ৪৮ মিনিটের লড়াইয়ে তিনি ভারতের আর. রামরাজকে ২১-১৩, ১৬-২১, ২১-১৩ ফলে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন। রবিবার ভারতের প্রতিযোগীর প্রতিপক্ষ চিনের হান চিয়ান শি, যিনি দক্ষিণ কোরিয়ার কিম গা রামকে হারিয়েছেন ২২-২০, ১৮-২১, ২১-১৪ ফলে।
বিশ্বের ৫০তম অস্মিতা শেষ আটের লড়াইয়ে হারান শীর্ষ বাছাই এবং বিশ্বের ২২ নম্বর জাপানের হিনা আকেশিকে। এই জয়ই তাঁকে করে তোলে আত্মবিশ্বাসী। তবে শনিবার শেষ চারে অপক্ষাকৃত সহজ প্রতিপক্ষ বিশ্বের ৪৯ নম্বরের বিরুদ্ধে লড়াইটা কিন্তু মোটেও সহজ ছিল না।
প্রথম গেমে নিয়ন্ত্রণ রেখে জিতে যান অস্মিতা। দ্বিতীয় গেমে অবশ্য রামরাজ সহজে হার মানেননি। দীর্ঘ র্যালি চলতে থাকে। কেউ এক ইঞ্চি জমিও ছেড়ে দেননি। তবে শেষ হাসি হাসেন রামরাজ। গেমটি জিতে নেন ২১-১৬ ফলে।
শেষ গেমে উপযুক্ত জবাব দেন অস্মিতা। তৃতীয় গেমে এক সময়ে এগিয়ে গিয়েছিলেন ১১-৩ ফলে। তার পরে পিছন ফেরে তাকাতে হয়নি। ফলে প্রথম বার বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সিঙ্গলস জেতার থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে তিনি। এক সপ্তাহ আগেই তাইপে সুপার ৩০০ প্রতিযোগিতা জিতেছেন ভারতেরই ১৭ বছরের তন্বী শর্মা। ফলে রবিবার অস্মিতা জিততে পারলে পরপর দু’টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার এক অনন্য কৃতিত্ব গড়বেভারতের মহিলারা।