Advertisement
E-Paper

রোনাল্ডোর পর নেমার! মেসির পিতৃবিয়োগের পর তাঁর পাশে আরও এক তারকা

ইনস্টাগ্রামে বাবা জর্জের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন মেসি। সেখানে নিজের মনের কথাও লিখেছেন তিনি। সেই পোস্টেই মন্তব্য করেছেন নেমার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ১৩:২০
football

লিয়োনেল মেসি (বাঁ দিকে) ও নেমার। —ফাইল চিত্র।

প্রথমে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পর নেমার। পর্তুগালের তারকার পর এ বার ব্রাজ়িলের তারকাকেও পাশে পেলেন লিয়োনেল মেসি। গত শনিবার ৬৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন মেসির বাবা জর্জে। কঠিন সময়ে মেসির পাশে দাঁড়িয়েছেন বিশ্বফুটবলের দুই বড় তারকা।

ইনস্টাগ্রামে বাবা জর্জের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন মেসি। সেখানে নিজের মনের কথাও লিখেছেন তিনি। বাবার মৃত্যুর পর এই প্রথম বার মেসি মুখ খুলেছেন। সেই পোস্টেই মন্তব্য করেছেন নেমার। তিনি লিখেছেন, “তোমাকে ও তোমার পরিবারকে সমবেদনা। ঈশ্বর এই কঠিন পরিস্থিতিতে তোমাদের শক্তি দিন। তোমাকে অনেক ভালবাসা।”

এর আগে মেসির সেই ইনস্টাগ্রাম পোস্টেই মন্তব্য করেছিলেন রোনাল্ডো। তিনি লিখেছিলেন, “তোমাকে জড়িয়ে ধরে দুঃখ ভাগ করে নিতে চাই। এই কঠিন সময়ে ঈশ্বর তোমাকে শক্তি দিন লিয়ো।”

মেসি এখনও বিশ্বাস করতে পারছেন না যে, তাঁর বাবা মারা গিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “বাবা, এখনও বিশ্বাস করতে পারছি না যে, তুমি নেই। তোমাকে আর কোনও দিন দেখতে পাব না। এটা ভাবাও কঠিন। আমি জানি, তুমি কষ্ট পাচ্ছিলে। কিন্তু এত তাড়াতাড়ি চলে গেলে। এখনও তো দু’জনে মিলে অনেক আনন্দ করার কথা ছিল। গত বিশ্বকাপের আগে তুমি আমাকে এত কথা বললে। অথচ, বিশ্বকাপের আগেই তুমি অসুস্থ হয়ে পড়লে। এই প্রথম বার তুমি আমার কোনও প্রতিযোগিতায় যেতে পারোনি।”

আমেরিকায় যেতে না পারলেও টেলিভিশনে ছেলের খেলা দেখতেন জর্জে। খেলা শেষে মেসিকে মেসেজও করতেন। মেসি বলেন, “প্রতিটা ম্যাচ শেষে তোমার মেসেজের অপেক্ষায় থাকতাম। আমি জানতাম, পরিস্থিতি খারাপ। ফাইনালে তুমি ছিলে না। যখন বাড়ি ফিরলাম, শুনলাম, তুমি ভেবেছ আমরা টাইব্রেকারে হেরেছি। তোমার সঙ্গে কথা বলতে পারিনি। তোমাকে ও ভাবে দেখতে কষ্ট হচ্ছিল।”

ছোটবেলায় মেসিকে স্পেনের লা মাসিয়ায় নিয়ে গিয়েছিলেন জর্জে। প্রতিটি পদক্ষেপে ছেলের পাশে ছিলেন। সেই বাবাকে ছাড়া তিনি কী ভাবে খেলবেন তাই বুঝতে পারছেন না মেসি। তিনি বলেন, “আমি জানি না তোমাকে ছাড়া কী করব। তোমাকে ছাড়া খেলব কী করে?”

মেসি কি অবসর নেবেন? সেই ইঙ্গিত তিনি দিয়েছেন। মেসি বলেন, “আমি শুধু ফুটবল খেলেছি। কিন্তু এখন অনেক কথা মাথায় আসছে। তোমাকে ছাড়া আর খেলতে পারব কি না জানি না। শুরু থেকে তুমিই তো পাশে ছিলে। আরও কিছু দিন কেন থাকলে না। আমরা একসঙ্গে শেষ করতে পারতাম।”

বাবার কাছে যে শিক্ষা পেয়েছেন তা সন্তানদের দিতে চান মেসি। সন্তানদের মধ্যে বাবাকে বাঁচিয়ে রাখতে চান তিনি। মেসি বলেন, “তুমি আমার সবচেয়ে ভাল বন্ধু ছিলে। কোনও দিন ভুল কথা বলোনি। হয়তো আমাদের কথা কাটাকাটি হয়েছে। কিন্তু শেষপর্যন্ত তুমিই ঠিক ছিলে। তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ, তা আমি আমার সন্তানদের জিতে চাই। শান্তিতে ঘুমাও বাবা।”

Lionel Messi Neymar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy