কলকাতায় চলে এল ব্রাজ়িল ফুটবল দল। আগামী শনিবার ভারতের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে বিশেষ বিমানে ভিনিসিয়াস জুনিয়র, এনদ্রিকদের নিয়ে কার্লো আনচেলোত্তি পা রাখলেন শহরে। কয়েক ঘণ্টা বিশ্রামের পরেই ব্রাজ়িল দলের সাংবাদিক বৈঠক ও অনুশীলন রয়েছে শুক্রবার।
এ দিন রাত ৮.৪৫ নাগাদ কলকাতায় পা রাখে ব্রাজ়িল। ভিনিসিয়াসদের জন্য ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। বিমানবন্দরে হাজির সমর্থকদের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি। ভিআইপি গেট দিয়ে বেরিয়ে হলুদ-সবুজ রং করা দু’টি বাসে ওঠে ব্রাজ়িল। পুলিশের দু’টি কনভয়ের সাহায্যে ব্রাজ়িল দলকে বাইপাসের ধারে একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। আলাদা ছ’টি গাড়িতে ছিলেন ব্রাজ়িল দলের কর্তারা। বিমানবন্দর বা রাস্তা, কোথাও সমর্থকেরা ব্রাজ়িল দলের কাছে যেতে পারেননি। মাত্র ১১ মিনিটের মধ্যে গোটা দল থেকে বিমানবন্দর থেকে বার করিয়ে বাসে তোলা হয়। হোটেলে অবশ্য ব্রাজ়িল দলকে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা ছিল। ভিনিসিয়াসকে আগ্রহ ছিল বেশি। হোটেলে বার বার ‘ভিনি, ভিনি’ চিৎকার ওঠে। কোচ কার্লো আনচেলোত্তিকে স্বাগত জানানো হয় উত্তরীয় পরিয়ে।
শুক্রবার সকাল ১১.৩০টা থেকে সেখানে সাংবাদিক বৈঠক করবেন আনচেলোত্তি। সঙ্গে থাকবেন ব্রাজ়িলের এক ফুটবলার। এর পর দুপুর ৪টে থেকে ৫টা পর্যন্ত যুবভারতীর মূল মাঠে অনুশীলন করবে ব্রাজ়িল।
এর পর গোটা দল হোটেল ফিরে যাবে। আর কোনও পরিকল্পনা নেই। পর দিনের ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন ভিনিসিয়াসেরা।
কলকাতায় আসার আগেই নিজেদের সমাজমাধ্যমে ব্রাজ়িল একটি লম্বা বার্তা পোস্ট করে। সেখানে ৪৯ বছর আগে পেলের কলকাতায় আগমন এবং মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলার উল্লেখ রয়েছে।
ব্রাজ়িল লিখেছে, “প্রায় ৫০ বছর আগে পেলে কলকাতায় এসেছিলেন। ২৪ সেপ্টেম্বর ১৯৭৭, ফুটবলজীবনের শেষ পর্বে ফুটবলের রাজা ভারতের মাঠে নেমেছিলেন নিউ ইয়র্ক কসমসের জার্সি পরে। পেলের আগমন নিয়ে শহর এতটাই উত্তেজিত ছিল যে প্রচুর মানুষ অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন বিমানবন্দরে। প্রতিপক্ষ ছিল ঐতিহ্যশালী ক্লাব মোহনবাগান। বিশ্বের একজন কিংবদন্তিকে দেখতে ঠাসা ছিল ইডেন গার্ডেন্স। ম্যাচ শেষ হয়েছিল ২-২ ফলে, পেলে ৩০ মিনিট খেলেছিলেন। তাঁর পাশেই ছিলেন ১৯৭০-এর বিশ্বকাপজয়ী কার্লোস আলবের্তো তোরেস।”
আরও পড়ুন:
-
ঘোষিত ২০২৭ বিশ্বকাপের সূচি! পাকিস্তানের বিরুদ্ধে লড়াই ১০ অক্টোবর, শুভমনদের প্রথম ম্যাচ কবে, সব জানিয়ে দিল আইসিসি
-
এশিয়ান গেমসে ভারতের হয়ে খেলছেন বিশ্বনাথ, নাম্বুরি! তাঁরা কারা? কেন স্কোরকার্ডে বদলে গেল ক্রিকেটারদের নাম?
-
সময় নষ্ট করলেই শাস্তি পাবেন ব্যাটার, ভারতের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে নিয়ম আইসিসি-র, সিদ্ধান্ত গোলাপি বল, রান আউট নিয়েও
ফেডারেশন আরও লিখেছে, “ওই প্রদর্শনী ম্যাচ ছিল এশিয়ায় কসমসের যাত্রার একটি অংশ। ১৯৭৭-এর ১ অক্টোবর পেলের আনুষ্ঠানিক অবসরের কয়েক সপ্তাহ আগে ম্যাচটি হয়েছিল। এখন কলকাতা আবার ব্রাজ়িলের ফুটবল ইতিহাসের অংশ হতে চলেছে। ব্রাজ়িল ফুটবল দল ভারতে খেলবে।”