আপাতত ইস্টবেঙ্গলেই খেলতে পারবেন আনোয়ার আলি। মঙ্গলবার সর্বোচ্চ ক্রীড়া আদালত ‘ক্যাস’ জানিয়েছে, আগামী পাঁচ মাসের জন্য শুনানি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। ফেডারেশনকে নির্দেশ দেওয়া হয়েছে নিজেদের মধ্যে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এ দিকে, আল সিব ম্যাচে চোট পাওয়ায় আনোয়ার খেলতে পারবেন না চেন্নাইয়িন এফসি ম্যাচে।
‘ক্যাস’ এক নির্দেশে জানিয়েছে, এআইএফএফ-এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং/অথবা এআইএফএফ-র আপিল কমিটি এই বিষয়ে যাতে সিদ্ধান্ত নিতে পারে, তার জন্য ‘ক্যাস’-এর তরফে পাঁচ মাস কার্যকলাপ স্থগিত রাখা হচ্ছে। দুই পক্ষকেই নিজেদের যুক্তি দেওয়ার সুযোগ দিতে হবে।
যদি মোহনবাগান বিচারপ্রক্রিয়ায় সন্তুষ্ট না হয় বা যদি নির্ধারিত সময়র মধ্যে এআইএফএফ কোনও সিদ্ধান্ত জানাতে না পারে, তা হলে মোহনবাগান আবার ‘ক্যাস’-এ আবেদন করতে পারে।
উল্লেখ্য, ২০২৪-এ মোহনবাগানের সঙ্গে চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে সই করেছিলেন আনোয়ার। মোহনবাগানের দাবি ছিল, আনোয়ার চুক্তি ভাঙার স্বপক্ষে কোনও যুক্তি দেখাতে পারেননি। তিনি এআইএফএফ-এর সংবিধানের ১৫ এবং ২০ নম্বর ধারা ভেঙেছিলেন। ফেডারেশন আনোয়ারের ইস্টবেঙ্গলে খেলার পক্ষে রায় দেয়। এর বিরুদ্ধে ‘ক্যাস’-এ আবেদন করে মোহনবাগান। ঘটনার পর তিন বছর কেটেও এখনও মীমাংসা হল না।
আরও পড়ুন:
-
‘বল দেখতেই পাচ্ছি না’, বৃষ্টি হওয়া সত্ত্বেও খেলা চালিয়ে যাওয়ায় আম্পায়ারের উপর ক্ষোভ কোহলি, শুভমনের
-
কোহলির অর্ধশতরান, ভরসা দিলেন পঞ্জাবের দুই পেসার, বৃষ্টিবিঘ্নিত প্রথম এক দিনের ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারাল ভারত
-
জন্মদিনের আগের দিন নতুন নজির কোহলির, নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচেই এক দিনের ক্রিকেটে গড়লেন রেকর্ড
এ দিন ইস্টবেঙ্গল জানিয়েছে, আনোয়ারের এমআরআই হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তাঁর রিহ্যাবের দিন ঠিক হবে। তিনি চেন্নাইয়িন ম্যাচে খেলতে পারবেন না। ভারতীয় দলের হয়ে নিউ জ়িল্যান্ড সফরেও যেতে পারবেন না। চোট কতটা গুরুতর তা জানা যাবে রিপোর্ট পাওয়ার পরেই।