আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। বয়স হয়েছে ৩৯। তার পরেও জাদু দেখিয়ে চলেছেন লিয়োনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুয়ের বিরুদ্ধে দুরন্ত গোল করেছেন তিনি। দুরূহ কোণ থেকে ফ্রি কিকে সরাসরি জালে জড়িয়েছেন বল।
কলম্বাসের বিরুদ্ধে ২৮ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে মায়ামি। ৩৩ মিনিটের মাথায় ফ্রি কিক পায় তারা। কর্নার ফ্ল্যাগের কাছ থেকে ফ্রি কিক নেন মেসি। সেখান থেকে সাধারণত কেউ সরাসরি গোলের কথা ভাববেন না। চেষ্টা করবেন গোলের সামনে বল ভাসাতে। সেখান থেকে হেডে গোল করার চেষ্টা করবেন সেই দলের ফুটবলারেরা।
কিন্তু মেসি তো বাকিদের থেকে আলাদা। সেই দুরূহ কোণ থেকে সরাসরি সেকেন্ড পোস্টে বল মারেন তিনি। কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শালটে বলের ফ্লাইট বুঝতে পারেননি। বল বার করতে পারেননি তিনি। সেকেন্ড পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে যায়। সমতা ফেরায় মায়ামি।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ফেলেছিলেন মেসি। কোনও রকমে সেই বল বার করেন প্যাট্রিক। পরে রক্ষণের ভুলে আরও একটি গোল খায় মায়ামি। ১-২ ফলে ম্যাচ হারে তারা। পয়েন্ট তালিকায় নাশভিলের থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে মেসিরা। বাকি আর সাত ম্যাচ। যা পরিস্থিতি, তাতে এ বার ইস্টার্ন কনফারেন্সে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা মায়ামির প্রায় নেই।
দল খারাপ খেললেও মেসির খেলায় মরচে পড়েনি। চলতি মেজর লিগ সকারে নিজের ২১তম গোল করে ফেললেন তিনি। লিগের সর্বাধিক গোলদাতা তিনি। ৩৯ বছর বয়সেও বাকিদের টেক্কা দিচ্ছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পরেও তাঁর জাদু থামছে না।