Advertisement
E-Paper

প্রাসাদ বা দ্বীপ নয়, জর্জিনাকে রোনাল্ডো বিয়ে করেছেন সবচেয়ে পরিচিত জায়গায়, ফাঁস করলেন পর্তুগিজ় ফুটবলারের স্ত্রী

দু’হাতের ছবি দিয়ে বিয়ে করার খবর আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিলেন তাঁরা। তবে কোথায়, কী ভাবে তাঁদের আংটিবদল হয়েছে, তা কিছুতেই জানা যাচ্ছিল না। অবশেষে বিয়ের আসল তথ্য প্রকাশ্যে আনলেন জর্জিনা রদ্রিগেজ়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৬ ১৯:০২
football

জর্জিনা এবং রোনাল্ডো। ছবি: সমাজমাধ্যম।

দিন কয়েক আগে দু’হাতের ছবি দিয়ে বিয়ে করার খবর আনুষ্ঠানিক ভাবে জানিয়েছিলেন তাঁরা। তবে কোথায়, কী ভাবে তাঁদের আংটিবদল হয়েছে, তা কিছুতেই জানা যাচ্ছিল না। অবশেষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে বিয়ের আসল তথ্য প্রকাশ্যে আনলেন জর্জিনা রদ্রিগেজ়। জানালেন, কোনও সুসজ্জিত প্রাসাদ বা দ্বীপ নয়, তাঁরা বিয়ে করেছেন সবচেয়ে পরিচিত স্থানে।

বিয়ের পর এক ফ্যাশন ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে জর্জিনা বলেছেন, “ভবিষ্যতে আমরা বড় করে বিয়ে করব। তখন পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে খুব মজা করব।”

কিন্তু এ বারের বিয়েটা হল কোথায়? জর্জিনার জবাব, “আমি স্বপ্ন দেখতাম সবচেয়ে বড় দুর্গে, সবচেয়ে বেশি লোকজন নিয়ে, সবচেয়ে লম্বা পোশাক পরে, হিরেয় মোড়া মুকুট পরে বিয়ে করতে যাব। এখন আমি বলি, না। আমি চাই খুব অন্তরঙ্গ কিছু, যেখানে আমার সঙ্গী এবং সন্তানেরা থাকবে। তা হল আমার বাড়ি। কারণ দুর্গ, বাড়ি, দ্বীপ, ঘোড়া, গাড়ি, এগুলো তো যখন খুশি পেতে পারি। কিন্তু অন্তরঙ্গ কিছু পাওয়া আমাদের জীবনে বেশ অস্বাভাবিক।”

জর্জিনা জানিয়েছেন, তাঁদের বিয়ে হয়েছে বাড়ির বসার ঘরে। সেখানে আমন্ত্রিত ছিলেন না কেউই। স্রেফ সন্তানেরা ছিলেন। আর ঘনিষ্ঠ দু’-একজন। জর্জিনার ব্যাখ্যা, “আমরা বাড়ির বসার ঘরকে বেছে নিয়েছিলাম। যেখানে আমরা প্রাতরাশ, মধ্যাহ্নভোজ এবং নৈশভোজ সারি। যেখানে জীবনের বাস্তব দিকটা কাটাই। আজ থেকে ৩০ বছর পর সন্তানেরা যেন বলতে পারে, ‘এই টেবিলে খুব ভাল একটা জিনিস হয়েছিল। আমাদের বাবা-মা বিয়ের শপথ নিয়েছিল’।”

ফ্যাশন ম্যাগাজিনের তরফে রোনাল্ডোদের বিয়ের আরও কিছু ছবি প্রকাশ্যে আনা হয়েছে। জর্জিনা বলেছেন, “হয়তো এই টেবিলটা আর একই রকম থাকবে না। আমরা অন্দরসজ্জা বদলাতে পারি।”

Cristiano Ronaldo Georgina Rodriguez Marriage

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy