আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে লিয়োনেল মেসির জাদু চলছেই। তিনি যে একটুও ফর্ম হারাননি সেটা বুঝিয়ে দিচ্ছেন প্রতি ম্যাচেই। শনিবার রাতে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারাল ইন্টার মায়ামি। একক দক্ষতায় দু’টি গোল করেছেন মেসি। কোনটি সেরা তা নিয়ে তর্ক হতেই পারে।
বিরতির একটু আগে মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন জার্মান বারটেরাম। সেই গোলের ক্ষেত্রে পাস ছিল মেসির। দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দু’টি গোল করেন তিনি। প্রথমটি আসে ৫৬ মিনিটে। ডান প্রান্ত ধরে ছুটতে ছুটতে বারটেরামের সঙ্গে পাস খেলে নেন মেসি। পেনাল্টি বক্সে ঢুকে বিপক্ষের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে বাঁ পায়ের নিচু শটে গোল করেন তিনি।
আরও পড়ুন:
-
গোল করেও মাথা গরম, কার্ড দেখলেন ইয়ামাল, বড় জয় বার্সেলোনার, স্পেনের ক্লাব ছুঁল রিয়াল মাদ্রিদের নজির
-
নিউ জ়িল্যান্ড সিরিজ়েও খেলা হবে না বৈভবের, গম্ভীরের সুরে সুর মিলিয়ে আবার ‘অপেক্ষা’র বার্তা অধিনায়ক শ্রেয়সের
-
নিউ জ়িল্যান্ড সফর থেকে বাদ পড়ে হতাশ শামি, বাংলার হয়ে দ্বিতীয় রঞ্জি ম্যাচে খেললেন না, দলে তাঁর ভাই কাইফ
চার মিনিট পরে প্রায় একই কায়দায় আবার গোল করেন মেসি। এ বার লুই সুয়ারেজের পাস পেয়ে এগিয়ে যান মেসি। সামনে আটলান্টার ডিফেন্ডার চলে এলেও মেসিকে আটকাতে পারেননি। বিপক্ষের গোলকিপার লুকাস হোয়োসকে বোকা বানিয়ে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। পরে আটলান্টার হয়ে একটি গোল করেন ফাফা পিকল্ট।
মায়ামির কোচ ক্রিশ্চিয়ান গঞ্জালেজ বলেন, “মেসি প্রতি বারই গোটা বিশ্বকে অবাক করে দিতে পারে। ৩৯ বছরে এসে কেউ এ রকম ফুটবল খেলছে, এটা না দেখলে বিশ্বাস করা যায় না।”