ক্লাব ফুটবলে নজির গড়লেন আর্লিং হালান্ড। তিনি ভেঙে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও কিলিয়ান এমবাপের নজির। অবশ্য রেকর্ড গড়তে পারলেন না নরওয়ের তারকা। রেকর্ড এখনও লিয়োনেল মেসির দখলে। মেসির ঠিক পিছনেই হালান্ড।
ক্লাব ফুটবলে ৩০০ গোলের মালিক হয়েছেন হালান্ড। কোভেন্ট্রি সিটির বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি। সেই ম্যাচে গোল করে ৩০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন হালান্ড।
ক্লাব ফুটবলে মল্ডে, রেড বুল সাল্জবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড ও ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ৩০০ গোল করেছেন হালান্ড। ৩৬৮ ম্যাচে এই নজির গড়েছেন তিনি। ৩০০ গোল করতে এমবাপের লেগেছিল ৩৯৮ ম্যাচ। রোনাল্ডো ক্লাব ফুটবলে ৪৯৯ ম্যাচে ৩০০ গোল করেছিলেন।
তালিকায় সকলের উপরে মেসি। ৩৬৫ ম্যাচে তিনি ৩০০ গোল করেছেন। অর্থাৎ, ৩০০ গোল করতে মেসির থেকে তিনটি ম্যাচ বেশি লাগল হালান্ডের। ২০১৩ সালে এই রেকর্ড গড়েছিলেন মেসি। ১৩ বছর পরেও তা অক্ষত।
আরও পড়ুন:
আরও একটি ক্ষেত্রে বাকিদের থেকে এগিয়ে মেসি। বাকিরা বিভিন্ন ক্লাবের হয়ে খেলে ৩০০ গোল করেছেন। মেসির ৩০০ গোলই এসেছে বার্সেলোনার জার্সিতে।
সিটির হয়ে ২০২ ম্যাচে ১৬৫ গোল করেছেন হালান্ড। ইংল্যান্ডের ক্লাবের জার্সিতে সর্বাধিক গোলের রেকর্ড রয়েছে মেসির দেশীয় সতীর্থ সের্জিয়ো আগুয়েরোর। সিটির হয়ে ৩৯০ ম্যাচে ২৬০ গোল করেছেন আগুয়েরো। এর পর সেই রেকর্ড ভাঙার লক্ষ্যে হালান্ড।