Advertisement
E-Paper

একই দিনে হার দুই ম্যাঞ্চেস্টারের, চেলসির কাছে হেরে আরও চাপে ইউনাইটেডের কোচ ক্যারিক, সিটি হারল ব্রাইটনের কাছে

ইপিএলে একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টারের দুই ক্লাব। দু’দলকেই হারতে হল। শনিবার চেলসির কাছে ০-২ গোলে হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে হেরে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটিও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ২২:৫৮
football

হতাশ ম্যান ইউয়ের ব্রুনো। ছবি: রয়টার্স।

ইপিএলে একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টারের দুই ক্লাব। দু’দলকেই হারতে হল। শনিবার চেলসির কাছে ০-২ গোলে হেরেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চাপ আরও বেড়েছে কোচ মাইকেল ক্যারিকের। অন্য দিকে, ঘরের মাঠে হেরে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটিও।

কোচের বিরুদ্ধে বিষোদ্গারের পর আগের ম্যাচে ব্রুনো ফের্নান্দেসকে বসিয়ে দিয়েছিলেন ক্যারিক। এ দিন তাঁকে প্রথম একাদশে ফেরালেও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভাগ্য বদলাল না। বরং শিরোনামে উঠে এসেছেন লিসান্দ্রো মার্তিনেজ়, যিনি দু’সপ্তাহ আগে ক্লাবের এক কর্তার সমালোচনা করেছিলেন। মার্তিনেজ় এ দিন লাল কার্ড দেখেছেন। সেই ফাউল থেকেই হয়েছে চেলসির দ্বিতীয় গোল।

এই নিয়ে টানা ন’টি ম্যাচে জিতল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১৯৮৮-র পর এতটা খারাপ ফল হয়েছে তাদের। ক্যারিককে আর কত দিন কোচ হিসাবে টানা হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থকেরা।

ম্যাচের শুরুতেই চেলসির এস্তেভাও গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। ব্রুনোও একটি সহজ সুযোগ নষ্ট করেন। হ্যারি ম্যাগুয়েরের ক্রস থেকে ম্যাথিউস কুনহা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দিলেও সেই গোলও অফসাইডের কারণে বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে মর্গান রজার্স এগিয়ে দিয়েছিলেন চেলসিকে। রজার্সকে ফাউল করে আগেই হলুদ কার্ড দেখেছিলেন মার্তিনেজ়। এর পর একটি কর্নারের সময় তিনি কনুই দিয়ে গুঁতো মারেন ওয়েসলি ফোফানাকে। রেফারি প্রথমে ফাউল না দিলেও ‘ভার’-এর সঙ্গে পরামর্শের পর সিদ্ধান্ত বদলান। পেনাল্টি থেকে চেলসির দ্বিতীয় গোল কোল পামারের। ৭১ মিনিটে এস্তেভাওয়ের আর একটি গোল অফসাইডে বাতিল হয়।

এ দিকে, গত বুধবার সিটিরই ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে লিগ কাপে হেরে গিয়েছিল ব্রাইটন। ঠিক তিন দিন পর একই মাঠে তারা বদলা নিল সিটিকে হারিয়ে। ১১ মিনিটে ব্রাইটনের হয়ে একমাত্র গোল ইয়াসিন আয়ারির। গোটা ম্যাচে প্রচুর চেষ্টা করেও জিততে পারেনি সিটি। শট, গোলে শট, বল পজেশন, পাস— সব দিক থেকেই এগিয়ে ছিল তারা। শুধু গোলটিই খুঁজে পায়নি।

Manchester United Manchester City EPL Chelsea

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy